ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে বই মেলা উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার প্রতিবাদে সোমবার বিকালে বিক্ষোভের সময় আটক ছাত্রদলের নারী কর্মীদের পরে ছেড়ে দিয়েছে পুলিশ।
ছাত্রদলের পুরুষ নেতাকর্মীদের এদিন বিকালে ক্যাম্পাসে ঢুকতেই দেয়নি পুলিশ।
অন্যদিকে ছাত্রলীগের কর্মীরা দলে দলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মিছিল করে।
আটক ছাত্রদল নেতাকর্মীদের সন্ধ্যার পর ছেড়ে দেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ছাত্রলীগ ও ছাত্রদল আলাদা আলাদা কর্মসূচী দেয়। ছাত্রলীগ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে হাইকোর্টের বটতলা থেকে টিএসসি পর্যন্ত রাস্তার দুইপাশে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থাকে।
অন্যদিকে ছাত্রদল প্রধানমন্ত্রীর ক্যাম্পাসে আসার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেয়। কিন্তু কয়েক দফা চেষ্টা করলেও পুলিশ তাদের ক্যাম্পাসে ঢুকতে দেয়নি। এসময় দলের কিছু নারী নেতা-কর্মী ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভ করতে করতে টিএসসিতে এসে বাংলা একাডেমীর দিকে এগোনোর চেষ্টা করে।
এ সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী এসে তাদের ব্যানার কেড়ে নেয় এবং উভয় পক্ষের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পুলিশ এসে ছাত্রদল নেতা-কর্মীদের শাহবাগ থানায় নিয়ে আসে।
এসময় আটকরা হলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সেলিনা সুলতানা নিশিতা, শওকত আরা উর্মি, সদস্য শাহীনুন নার্গিস, মৌসুমী নাসরিন এবং কর্মী পপি আক্তার, ফাহিমা আক্তার ও তাসলিমা ফেরদৌসী।
শাহবাগ থানার উপ-পরিদর্শক আমেনা বেগম জানান, বিকাল সাড়ে তিনটার দিকে টিএসসি থেকে তাদের আটক করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সালমা সুলতানা সোমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা যখন টিএসসিতে বিক্ষোভ করছিলাম তখন ছাত্রলীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এরপর পুলিশ আমাদের কয়েকজন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়।"
রমনা অঞ্চলের অতিরিক্ত পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদল নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়নি। ছাত্রদল ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থান নেওয়ার পর নিরপত্তার স্বার্থেই ছাত্রীদেরকে থানায় নিয়ে আসা হয়।
জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি থানায় গেলে সন্ধ্যার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর বাংলা একাডেমি বইমেলা উদ্বোধন করা নিয়ে বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপি উভয় সরকারের আমলে ঢাবি ক্যাম্পাসে এই একই দৃশ্যের অবতারণা হয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এসকে/২১০৫ঘ.
bdnews24