কুষ্টিয়া, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়া সরকারি কলেজে স্নাতক প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ।
রোববার সকাল ১১টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের ১০-১২ জন কর্মী কলেজের হিসাব শাখায় ঢুকে শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির টাকা নেওয়া বন্ধ করে দেয়।
ছাত্রলীগ নেতারা কলেজের ভর্তির সব কাজ বন্ধ রাখার জন্য শিক্ষক-কর্মচারীদের চাপ দেয়। পরে সংগঠনগুলোর জন্য কোটা সংরক্ষণের দাবি করে ক্যাম্পাসে মিছিল করে।
কলেজ অধ্যক্ষ হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ভূত পরিস্থিতির কারণে ভর্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে।
বৈঠক শেষে বিকালে কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক আবু মজন চৌধুরী বলেন, আগামীকাল থেকে ভর্তি কার্যক্রম আবার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল বারী সুমন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, "স্বচ্ছভাবে ছাত্র-ছাত্রী ভর্তি করা হচ্ছে না। কিছু শিক্ষক দুর্নীতির মাধ্যমে ছাত্র ভর্তি করছেন। প্রতিবাদ করা সত্ত্বেও কর্তৃপক্ষ আমাদের কথা শুনছে না। অবশেষে আমরা ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছি।"
তবে এ অভিযোগ অস্বীকার করে কলেজ অধ্যক্ষ বলেন, বৃহস্পতিবার থেকে স্নাতক প্রথমবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয়। কলেজের কিছু ছাত্রনেতা দাবি করছেন তাদের দুশ' জনকে ভর্তি করতে হবে। তাদের ওই অন্যায় দাবি মানা সম্ভব নয়।
তিনি দাবি করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ীই ভর্তি কার্যক্রম চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৪ ঘ.
bdnews24