ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৭১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় উত্তীর্ণের হার ৮১ দশমিক ০৩ শতাংশ। দুই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৫৫৬ জন শিক্ষার্থী।
এ দুই পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী এর আগে সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।
ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থী বেশি হলেও জিপিএ-৫ প্রাপ্তি এবং উত্তীর্ণের হারে ছাত্ররা এগিয়ে আছে।
প্রথমবারেই মাত্র ৩৭ দিন পর পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। পাসের এ হারে সন্তুষ্ট কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, "প্রথমবারের এ ফলাফলে আমরা সন্তুষ্ট। আগামী বছর যদি ফলাফলে কোনো ধরনের পরিবর্তন আসে অর্থাৎ পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার হার আরো কম হয় সেক্ষেত্রে ফল বিপর্যয় বলা যাবে। কারণ এ পরীক্ষা অন্য কোনো পরীক্ষার সাথে তুলনীয় নয়। শিক্ষার্থীরা প্রথমবারই পরীক্ষা দিচ্ছে। এতে তাদের ভীতি থাকতে পারে।"
ভবিষ্যতে পাসের হার এবং শিক্ষার মান আরো বাড়াতে মন্ত্রণালয় সচেষ্ট থাকবে বলে তিনি জানান।
গত ৪ নভেম্বর শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত চলে জেএসসি ও জেসিডি পরীক্ষা। সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষায় দেশে এবং বিদেশে মোট ১ হাজার ৮০৪টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। দেশের বাইরে কেন্দ্র ছিলো ৭টি। অষ্টম শ্রেণীর সবাই এ পরীক্ষায় অংশ নেওয়ায় তাদের আলাদা করে বার্ষিক পরীক্ষা দিতে হয়নি।
আট শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় এ বছর অংশগ্রহণ করেছে ১১ লাখ ৫২ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে অনুপস্থিত ছিলো ৮১ হাজার ৭২০ জন। পাস করেছে ৮ লাখ ২২ হাজার ২৭৫ জন শিক্ষার্থী।
অনুপস্থিতির সংখ্যার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "প্রথমবারের মতো এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের অনেকেই পরীক্ষায় অনুপস্থিত ছিলো। তবে শিক্ষার্থীরা কেন অনুপস্থিত ছিলো এ বিষয়টি আগে খুঁজে বের করা হবে।"
তিনি আরো বলেন, যারা এক বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের ওই বিষয়ে আরো পারদর্শী করার জন্য ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।
"শিক্ষার্থীরা বেশি অকৃতকার্য হয় ইংরেজি, গণিত ও বিজ্ঞানে। এসব বিষয়টি শিক্ষার্থীদের কাছে আরো আকর্ষণীয় করে তোলার জন্যে ইতোমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কোন বিষয়ে খারাপ করেছে, তা দেখে ভবিষ্যতে তাদের কাছে এসব বিষয় সম্পর্কিত ভীতি দূর করা হবে", বলেন মন্ত্রী।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৫২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডে। এ বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ২১৮ জন। ১ হাজার ৫০৮ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ড।
তৃতীয় অবস্থানে রয়েছে দিনাজপুর বোর্ড। এ বোর্ডে ৭৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে যশোর বোর্ড। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৭৪০ জন। পঞ্চম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বোর্ড। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫১৮ জন। ষষ্ঠ অবস্থানে রয়েছে কুমিল্লা বোর্ড। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬২৪ জন। সপ্তম অবস্থানে রয়েছে বরিশাল বোর্ড। এ বোর্ডে ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২০৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে সিলেট বোর্ড এ তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে।
জেডিসি পরীক্ষায় প্রথম বছরে অংশগ্রহণ করেছে ২ লাখ ৪৪ হাজার ৬৩ জন শিক্ষার্থী। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৩১ হাজার ৫২৮ জন। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৭২ জন। জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে ৫০৪ জন শিক্ষার্থী।
জেএসসি এবং জেডিসি পরীক্ষায় ছাত্ররা পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রীদের তুলনায় এগিয়ে আছে।
জেএসসি ও জেডিসি মিলিয়ে মোট ৬ লাখ ৬২ হাজার ৫৯৫ জন ছাত্র পরীক্ষার্থী ছিলো। এর মধ্যে উত্তীর্ণ হয় ৫ লাখ ১ হাজার ২২২ জন। উত্তীর্ণের হার ৭৫ দশমিক ৬৫ শতাংশ। জিপিএ- ৫ পায় ৪ হাজার ৮২০ জন ছাত্র।
দুই পরীক্ষায় মেয়েদের সংখ্যা ছিলো ৭ লাখ ৩৪ হাজার ৪ জন। এর মধ্যে ৫ লাখ ১৮ হাজার ৮২৫ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হার ৭০ দশমিক ৬৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৩৬ জন।
ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ার বিষয়ে শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, ছাত্রীদের উপবৃত্তি দেওয়ার ফলে অংশগ্রহণের হার বেড়েছে। ছাত্রীদের এ অংশগ্রহণের হারকে চূড়ান্ত ফলাফলে রূপ দিতে সরকার আন্তরিক।
তিনি জানান, ছাত্রীদেরসহ সব শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে এবং শিক্ষার মানোন্নয়নে একটি ট্রাস্ট ফান্ড গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এটি গঠন হলে আরো বেশি সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রমের আওতায় আনা যাবে।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের কী হারে বৃত্তি দেওয়া হবে- জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, আগে মেধা তালিকা ও সাধারণ গ্রেডে ২২ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হতো। এ সংখ্যা আরো বাড়বে।
বৃত্তির সংখ্যা কত হবে- তা শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান তিনি।
এ বছরই প্রথম মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য বৃত্তি দেওয়া হবে। এর আগে মাদ্রাসা শিক্ষার্থীরা বৃত্তি পেত না বলে জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষার্থীদের নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সার্টিফিকেট নাকি নম্বরপত্র দেওয়া হবে- জানতে চাওয়া হলে নুরুল ইসলাম বলেন, এ বিষয়ে বোর্ড চেয়ারম্যানরা সিদ্ধান্ত নেবেন।
১ জানুয়ারি থেকে নতুন ক্লাসের শুরুতে এ শিক্ষার্থীরা ভর্তি জটিলতায় পড়বে কি না- এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষার্থীদের বই বিতরণ করতে এক সপ্তাহ সময় লাগবে। আশা করি এই এক সপ্তাহের মধ্যেই অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নবম শ্রেণিতে ভর্তি শেষ করতে পারবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৮১০ ঘ.
bdnews24