২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া হলে রেলিং ভাঙার তদন্ত শেষ হয়নি দুই মাসেও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের নবনির্মিত চামেলী ভবনের পাঁচ তলার বারান্দার রেলিং ভেঙে পড়ার ঘটনায় সময়সীমা পার হওয়ার দেড়মাসেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 07:02 AM

Updated : 25 Aug 2022, 07:54 PM

মাসুম বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের নবনির্মিত চামেলী ভবনের পাঁচ তলার বারান্দার রেলিং ভেঙে পড়ার ঘটনায় সময়সীমা পার হওয়ার দেড়মাসেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি। ফলে ওই ঘটনায় সাময়িক বরখাস্ত বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রকৌশলী ও তাদের পরিবার 'চাকরি থাকবে না যাবে' তা নিয়ে রয়েছেন অনিশ্চয়তায়। ১৮ অক্টোবর রোকেয়া হলের চামেলী ভবনের পাঁচ তলার বারান্দার রেলিং ভেঙে পড়ে। এর মাত্র পাঁচমাস আগে নতুন ভবনটির উদ্বোধন করা হয়। রেলিং ভেঙে পড়ার দিনই সিন্ডিকেটের জরুরি সভায় দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ভবনটি নির্মাণকাজের তত্ত্বাবধানে থাকা সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন আহম্মদ ও মিরাজুল হুদাকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি ঘটনা তদন্তে উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদকে প্রধান করে আট সদস্যের কমিটি করা হয়। কমিটি ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। ওই সময় পার হওয়ার পর হারুন-অর-রশিদ জানান, তদন্তের সময় আরো পাঁচদিন বাড়ানো হয়েছে। এর মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে তারপর দেড়মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। এ বিষয়ে কমিটির প্রধান উপ-উপাচার্য হারুন-অর-রশিদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু সম্ভব হয়নি।" প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরো দুই-তিনটি বৈঠক করা প্রয়োজন বলে তিনি জানান। অবশ্য, ভবনটির নির্মাণকাজে দুই সহকারী প্রকৌশলীর বড় ধরনের দুর্নীতি পাওয়ার ইঙ্গিত দেন উপ-উপাচার্য। সাময়িক বরখাস্ত সহকারী প্রকৌশলী মিরাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জরুরি সিন্ডিকেট আমাদের সাময়িকভাবে বরখাস্ত করেছে। কমিটি আমাদের কাছে যে বক্তব্য চেয়েছে আমরা তা দিয়েছি। রিপোর্ট জমা দিতে দেরি হচ্ছে কেন আমরা তা জানি না।" "যত দেরি হবে ততই অনিশ্চয়তা", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১২৫৪ ঘ.