ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত পরিমাণে বিনামূল্যের সরকারি বই নেওয়া বিদ্যালয়গুলো বই ফেরত দিতে যোগাযোগ করছে সরকারের বেঁধে দেওয়া সময়ের আগেই।
এ রকম তিনটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বুধবার যোগাযোগ করেছে। ১-৭ জানুয়ারির মধ্যে বই ফেরত দেওয়ার সময় দেওয়া হয়েছিলো বিদ্যালয়গুলোকে।
বই সরবরাহ ও বিতরণ তদারকির বিশেষ দায়িত্বপ্রাপ্ত এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তা রতন সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কামরাঙ্গীরচরের স্ট্যামফোর্ড কিন্ডারগার্টেন হাইস্কুল, হায়াৎ বক্স উচ্চ বিদ্যালয় এবং মিরপুরের বোটানিক্যাল গার্ডেন-চিড়িয়াখানা হাই স্কুল অতিরিক্ত বই নিয়েছে বলে স্বীকার করেছে।
বিনামূল্যের পাঠ্যপুস্তকের অতিরিক্ত চাহিদা দেওয়া রাজধানীর একশ ৪৩টি বিদ্যালয়ের তালিকা করেছে সরকার। এসব বিদ্যালয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে সোমবার সংবাদ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সেদিন পর্যন্ত ৪১টি বিদ্যালয়ে অভিযান চালানো হয়েছিলো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন রতন সিদ্দিকী।
বৃহস্পতিবার ওই তিন বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অঙ্গীকারনামায় স্বীকারোক্তি নেওয়া হবে। ওই অঙ্গীকারনামায় আরো উল্লেখ করা হবে, ভবিষ্যতে তারা এ ধরণের ঘটনা ঘটালে তাদের বিরুদ্ধে সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হবে।
এদিকে এ তিনটি প্রতিষ্ঠানের মধ্যে হায়াৎ বক্স উচ্চ বিদ্যালয় সরকারের ১৪৩ বিদ্যারয়ের তালিকাভুক্ত নয়। এ কারণে রতন সিদ্দিকী সন্দেহ করছেন এমন আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া যাবে যারা ওই তালিকায় ছিলো না।
রতন সিদ্দিকী জানান, রাজধানীতেই শুধু এ রকম চার লাখ বই অতিরিক্ত গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
"অতিরিক্ত বই নেওয়া হয়েছে কিনা তা যাচাইয়ে শিক্ষার্থীদের হাজিরা খাতার সঙ্গেও বইয়ের চাহিদার তালিকা মিলিয়ে দেখা হবে।"
৭ জানুয়ারির মধ্যে অতিরিক্ত বই ফেরত না দিলে সরকারি স্কুলের প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত, স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বীকৃতি বাতিল এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২১০০ ঘ.
bdnews24