ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রথম বারের মতো অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সাটিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের দুপুর ৩টায় এ ফলাফল ঘোষণা করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শিক্ষা সচিব ড. কামাল আব্দুর নাসের চৌধুরী।
তিনি বলেন, "এসএসসির মতো জিপিএ পদ্ধতিতে এই পরীক্ষার ফলাফর প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ড থেকে সনদপত্র দেওয়া হবে।"
গত ৪ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এসএসসি পরীক্ষার আদলে প্রথমবারে মতো দেশে জেএসসি এবং জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সারা দেশে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় ১২ লাখ ৩৩ হাজার ৩৯১ জন শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এবারই প্রথম পাঁচটি বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিকে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এলএন/আরএ/১৫১৮ ঘ.
bdnews24