ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাসের তালিকায় প্রথম স্থানে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। ১০ম স্থানে রয়েছে এনজিও পরিচালিত আনন্দ স্কুলগুলো।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ পাস করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা সবচেয়ে বেশি। সারাদেশে মোট ২৩ হাজার ৮৯টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
শতভাগ পাস করা প্রতিষ্ঠানের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এক্ষেত্রে চারশ ৯৩টি বিদ্যালয়ের মধ্যে দুশ ৯২টিতেই শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
তৃতীয় অবস্থানে রয়েছে পরীক্ষণ বিদ্যালয়। এ বিদ্যালয়ের সংখ্যা ৫৫টি। এর মধ্যে ৫১টিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
চতুর্থ অবস্থানে রয়েছে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। এ ধরণের মোট বিদ্যালয়ের সংখ্যা ২০ হাজার সাতশ ৯২টি। এর মধ্যে ১১ হাজার সাতশ ২৪টিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
পঞ্চম অবস্থানে থাকা অন্যান্য বিদ্যালয়ের সংখ্যা ১২ হাজার ছয়শ ৩৯টি। এর মধ্যে শতভাগ পাস করেছে আট হাজার ছয়শ ৯২টি বিদ্যালয়ে।
ষষ্ঠ অবস্থানে রয়েছে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়। দু'হাজার নয়শ ৫০টি বিদ্যালয়ের মধ্যে এক হাজার ছয়শ ১৭টিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। সপ্তম অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্রাক পরিচালিত বিদ্যালয়। পাঁচ হাজার ৫০টি বিদ্যালয়ের মধ্যে চার হাজার চারশ ৯৫টিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
৭২টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৫টিতেই শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
১০ম অবস্থানে থাকা আনন্দ স্কুলের সংখ্যা ছয় হাজার ছয়শ ৬১টি। এর মধ্যে এক হাজার পাঁচশ ৯১টিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
আনন্দ স্কুলগুলোর বিরুদ্ধে পরীক্ষা চলাকালীন সময়ে ভুয়া পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার প্রমাণ মেলে। বেশ কয়েকটি জায়গায় বেসরকারি সংস্থা পরিচালিত আনন্দ স্কুলগুলো বন্ধও করে দেওয়া হয়। এ স্কুলগুলোতে এ বছর পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৪৬ দশমিক ৫৭ শতাংশ। গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত সমাপনী পরীক্ষায়ও এ স্কুলগুলোতে চরম ফলাফল বিপর্যয় ঘটে।
এই স্কুলগুলোতে ভুয়া শিক্ষার্থী ধরা পড়ার পর সরকার এদের বিরুদ্ধে কী ধরণের ব্যবস্থা নেবে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন বলেন, "গতবছর একশ ১৭টি আনন্দ স্কুল ছিলো। ওই বছরের ফল বিপর্যয়ের পর তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিলো। এর ফলে এ বছর কিছুটা হলেও অবস্থার উন্নতি হয়েছে।"
তিনি জানান, এ বছরও যেসব বেসরকারি সংস্থা এগুলো পরিচালনা করছে তাদের ডেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
প্রয়োজনে এগুলোকে কালো তালিকাভুক্ত করে স্কুল পরিচালনার দায়িত্ব থেকে বাদ দেওয়া হবে বলে জানান গণশিক্ষামন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/পিডি/১৯০৭ ঘ.
bdnews24