২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক সমাপনীতে ৯২ শতাংশ উত্তীর্ণ

দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯২ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবতেদায়ী পরীক্ষায় উত্তীর্ণের হার ৮৩ দশমিক ৯৩ শতাংশ। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 06:21 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯২ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবতেদায়ী পরীক্ষায় উত্তীর্ণের হার ৮৩ দশমিক ৯৩ শতাংশ। এবার প্রাথমিক সমাপনীতে এবার উত্তীর্ণের হার বেড়েছে। গতবার এ হার ছিলো ৮৮ দশমিক ৮৪ শতাংশ। এবতেদায়ীতে এবারই প্রথম সমাপনী পরীক্ষা হয়। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করেন। এরআগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন মন্ত্রী। প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষা গত ২৩ নভেম্বর শুরু হয় এবং শেষ হয় ২৯ নভেম্বর। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর মেয়েদের তুলনায় ছেলেদের উত্তীর্ণের হার বেশি। এ বছর ছাত্র উত্তীর্ণের হার ৯২ দশমিক ৭৫ শতাংশ এবং ছাত্রী উত্তীর্ণের হার ৯১ দশমিক ৯৮ শতাংশ। আফসারুল বলেন, পরীক্ষায় অংশগ্রহণ ও মেধা তালিকায় মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে থাকলেও গড় পাসের হারে ছেলেরা এগিয়ে আছে। এ সমাপনী পরীক্ষার সার্টিফিকেট দেখিয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে হবে। ফলে মাত্র দুদিনে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া যাবে কিনা- জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, "এটা সম্ভব। শিক্ষার্থীদের সুবিধার জন্যে সার্টিফিকেটগুলো ইতোমধ্যেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে।" প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ জানান, গতবার গ্রেস দিয়ে পাস করানো হলেও এ বছর কোনো গ্রেস দেয়া হয়নি। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২১ লাখ ৫৭ হাজার ১৬৪ জন পরীক্ষার্থী থাকলেও অংশ নিয়েছিলো ১৯ লাখ ৪০ হাজার ৩৩১ জন। উত্তীর্ণ পরীক্ষাথীর সংখ্যা ১৭ লাখ ৯১ হাজার ৬৫১ জন। মোট ছয়টি বিষয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৮ লাখ ৫৯ হাজার ১৫৪ জন, দ্বিতীয় বিভাগে ৭ লাখ ২৫ হাজার ৭৯০ জন এবং তৃতীয় বিভাগে ২ লাখ ৬ হাজার ৭০৭ জন। এ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ৫৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। প্রথম বিভাগে উত্তীর্ণরা ২০০ টাকা এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণরা ১৫০ টাকা করে পাবে। এ বছর প্রাথমিক সমাপনীতে সব বিভাগের পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৫৯৮ নম্বর পেয়ে প্রথম হয়েছে টাঙ্গাইলের সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আল ইয়াসা। ৫৯৬ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার রাজৈর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া হাসান এবং টাঙ্গাইল সদর উপজেলার সৃষ্টি একাডেমিক স্কুলের ছাত্র মো. নাঈমুর রহমান নাঈম। ৫৯৫ নম্বর পেয়ে যুগ্মভাবে তৃতীয় হয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সপ্তর্ষি চন্দ এবং নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তানভীর আনজুম সাধ। এ বছর সম্মিলিত মেধা তালিকায় প্রথম থেকে দশম হয়েছে মোট ৫৭ জন শিক্ষার্থী। ফলাফলের বিচারে শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় মনিপুর উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে মতিঝিলের আইডিয়েল স্কুল অ্যান্ড কলেজ। সাত বিভাগের মধ্যে সর্বোচ্চ পাসের হার বরিশাল বিভাগে। এ বিভাগের পাসের হার ৯৭ দশমিক ১৪ শতাংশ। সর্বনিু পাসের হার সিলেট বিভাগে। এ বিভাগে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা বিভাগ। এ বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৫২ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৪২ শতাংশ। চতুর্থ অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। এ বিভাগের পাসের হার ৯৩ দশমিক ৩৪ শতাংশ। পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে পাসের হার ৯১ দশমিক ৮৬ শতাংশ। ৯০ দশমিক ৬৮ শতাংশ পাসের হার নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে রংপুর বিভাগ। বিষয়ভিত্তিক ধর্ম এবং পরিবেশ পরিচিতি সমাজে শিক্ষার্থী পাসের হার সবচেয়ে বেশি। ধর্মে পাসের হার ৯৯ শতাংশ ৫৬ শতাংশ এবং পরিবেশ পরিচিতি সমাজে ৯৯ দশমিক ২৪ শতাংশ। এরপর রয়েছে পরিবেশ পরিচিতি বিজ্ঞান এবং বাংলা। পরিবেশ পরিচিতি বিজ্ঞানে শতকরা পাসের হার ৯৮ দশমিক ৭৭ শতাংশ এবং বাংলায় ৯৮ দশমিক ১৩ শতাংশ। ইংরেজি এবং গণিতে পাশের হার তুলনামূলকভাবে কম। ইংরেজিতে পাসের হার ৯৫ দশমিক ৭০ শতাংশ এবং গণিতে ৯৫ দশমিক ৫৮ শতাংশ। এ পরীক্ষার ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৬৪০ ঘ.