রাজশাহী, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেশন ফি বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন অব্যাহত রেখেছে।
'ভাড়া করা' শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার নামে সেশন ফি বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার থেকে তারা ক্লাস বর্জন শুরু করে।
বুধবার ইনস্টিটউটে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
শিক্ষার্থীরা জানায়, ইনস্টিটিউটে আটজন শিক্ষককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাদের বেতন-ভাতা বাবদ প্রতি সেমিস্টারে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৬৩৫ টাকার সঙ্গে অতিরিক্ত ৩৭৫ টাকা করে নেওয়া হচ্ছে।
চলতি ২০১০-১১ সেশন থেকে তাদের এই অতিরিক্ত টাকা দিতে হচ্ছে।
এর প্রতিবাদে আন্দোলনের অংশ হিসেবে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন কর্মসূচি দেওয়া হয়।
ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আমিনুল ইসলাম ও ফিরোজ কবীর জানান, ইনস্টিটিউটে দীর্ঘদিন থেকে শিক্ষক সঙ্কট রয়েছে। শিক্ষক নিয়োগ না করে বাইরের প্রতিষ্ঠান থেকে শিক্ষক ভাড়া করে ক্লাস করানো হচ্ছে। তাদের বেতন-ভাতা দেওয়ার অজুহাতে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত সেশন ফি আদায় করা হচ্ছে।
এর সুরহা না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন চলবে বলে তারা জানান।
অধ্যক্ষ আইয়ূব আলী বলেন, সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষদের ঢাকায় ডাকা হয়েছে। বৃহস্পতিবার অধিদপ্তরে মহাপরিচালকের সঙ্গে শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
তবে আগামী ২৮ ডিসেম্বর থেকে মধ্যবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষার্থীরা ক্লাসে আসছে না বলে অধ্যক্ষ দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৩ ঘ.
bdnews24