ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় পৌণে দুই ঘণ্টা বিক্ষোভ ও অবরোধের পর চট্টগ্রাম নগরীর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে (বাওয়া স্কুল) নার্সারিতে ভর্তির লটারি উন্মুক্ত পদ্ধতিতে সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
দুপুর ২টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট মুকিত হাসানের উপস্থিতিতে স্কুল মাঠে ওই লটারি হয়।
অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ লটারি প্রক্রিয়ায় অনেক অনিয়ম করে। এ জন্য লটারি প্রক্রিয়া অভিভাবকদের উপস্থিতিতে করতে হবে।
উন্মুক্ত পদ্ধতিতে ভর্তির লটারি প্রক্রিয়া করার দাবিতে শনিবার বেলা ১২টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত নগরীর দামপাড়া সিডিএ এভিনিউ রোড অবরোধ করে রাখায় ওই সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। সৃষ্টি হয় তীব্র যানজট।
ওই সড়কটি বহদ্দারহাট যাওয়ার মূল সড়ক হওয়ায় ওই পথের যাত্রীরা পড়েন দুর্ভোগে।
স্কুলের অধ্যক্ষ আনোয়ারা বেগম সকালে সাংবাদিকদের বলেন, "উন্মুক্ত লটারি করার নিয়ম না থাকায় এটা করা যাচ্ছে না। তবে লটারি অনুষ্ঠিত হওয়ার সময় সাংবাদিক, প্রশাসনের পক্ষে হকিমরা উপস্থিত থাকবেন।"
প্রভাতি ও দিবা শাখায় প্রায় দুই হাজার আবেদনের বিপরীতে ২৫০ জন ভর্তির সুযোগ পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৯০০ ঘ.
bdnews24