রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে খাবারের দাম বাড়ানোর প্রতিবাদে সাধারণ ছাত্রদের ঘেরাও কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ।
মঙ্গলবার রাতে ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবন ঘেরাও করে। এ সময় ছাত্রলীগ কর্মীরা তাদের কয়েকজনকে মরধর করে তাড়িয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
ছাত্রদের অভিযোগ, ছাত্রলীগ কর্মী ফিরোজ, লিয়নসহ ৮/১০ জন কর্মী বিক্ষোভকারী ছাত্রদের উপর হামলা চালায়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্র মিঠু আহত হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন মুন পিছন থেকে ওই কর্মীদের নেতৃত্ব দেন বলেও তারা অভিযোগ করেন।
গত ১ ডিসেম্বর আবাসিক হলের প্রাধ্যক্ষ পরিষদের সভায় দুপুর ও রাতের খাবারের দাম যথাক্রমে ১৩ ও ১৬ টাকা থেকে বাড়িয়ে ১৬ ও ২০ টাকা করা হয়। তা কার্যকর হয় মঙ্গলবার থেকে।
বর্ধিত ফি কমানোর দাবিতে সোমবারই ১৬টি আবাসিক হলের শিক্ষার্থী এবং প্রগতিশীল ছাত্রজোট ক্যাম্পাসে বিক্ষোভ করে। পরে তারা উপাচার্যকে স্মারকলিপি দেয়।
শিক্ষার্থীরা জানায়, হল প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করেই খাবারের দাম বাড়িয়েছে। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখেও তা কার্যকর করা হয়। কিন্তু শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে খাবার পরিবেশন হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, বিষয়টি নিয়ে প্রাধ্যক্ষ পরিষদ সন্ধ্যায় নবাব আব্দুল লতিফ হলে বৈঠকে বসে।
বৈঠকে খাবারের দাম কমানোর বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদ অপারাগতা প্রকাশ করলে ছাত্ররা তাদের প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভও করে।
পরে প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া এসে আবারও প্রাধ্যক্ষদের সঙ্গে আলোচনায় বসেন।
কিন্তু আবারো দাম কমানোর ব্যাপারে অপারাগতা প্রকাশ করলে ছাত্ররা বিেেক্ষাভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবন ঘেরাও করে।
রাত ৯টার দিকে ছাত্রলীগ নেতা মুন সেখানে এসে দাবি করেন, ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য এই ইস্যু নিয়ে মাঠে নেমেছে।
তিনি পরে সাংবাদিকদের কাছেও একই বক্তব্য দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্রলীগ কর্মীদের দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রক্টরিয়াল বডি সঙ্গে উপাচার্যের আলোচনা চলছিলো।
প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক ড. মুজিবুল হক আজাদ সাংবাদিকদের বলেন, হল ডাইনিং কর্মচারিদের আন্দোলন এবং জিনিসপত্রের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রাধ্যক্ষ পরিষদের সভা করে খাবারের দাম বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে।
প্রক্টর ড. জাকারিয়া বলেন, বিষয়টি নিয়ে ছাত্র এবং প্রাধ্যক্ষদের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৫ ঘ.
bdnews24