ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীসহ সারাদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন সব সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি হবে লটারির মাধ্যমে। দ্বিতীয় থেকে নবম শ্রেণীর ভর্তি হবে পরীক্ষায়।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে ভর্তি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
৫ ডিসেম্বরের পরিবর্তে বুধবার (৮ ডিসেম্বর) থেকে সারাদেশের স্কুলগুলোতে ফরম বিতরণ শুরু হবে, চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত।
প্রথম শ্রেণীর লটারি অনুষ্ঠিত হবে ২১, ২২ এবং ২৩ ডিসেম্বর।
দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণীতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর।
প্রথম থেকে নবম শ্রেণীতে ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
এ বছর প্রথমবারের মতো ভর্তি ফরমের সঙ্গে শিক্ষার্থীদের জন্ম সনদ জমা দিতে হবে।
ভর্তিতে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৫ ভাগ সংরক্ষিত আসন এং প্রতিবন্ধীদের জন্য দুই ভাগ সংরক্ষিত আসন রাখা হয়েছে।
সভা শেষে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, "জনমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি লটারি প্রতিযোগিতা। এর ফলে ছোট বাচ্চাদের ওপর পড়ালেখার চাপ কমবে।"
মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক জাকির হোসেন সাংবাদিকদের জানান, ২৭ ডিসেম্বরের মধ্যে ফলাফল দিয়ে ৩০ ডিসেম্বরের মধ্যে সব ভর্তি সম্পন্ন করতে হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ওই সভায় সভাপতিত্ব করেন।
এর আগে গত ১০ নভেম্বর মাউশির মহাপরিচালক অধ্যাপক নোমানুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভর্তি কমিটির সভায় ৫ নভেম্বর থেকে ভর্তি ফরম বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।
দুুদিন সময় পেছানোর বিষয়ে জাকির হোসেন বলেন, "যেহেতু ফরমে পরিবর্তন আনা হয়েছে তাই এ সময় পরিবর্তন করা হয়েছে।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাউশির মহাপরিচালক রশীদ জানান, ভর্তির নীতিমালা চূড়ান্ত হওয়ার আগে ফরম বিতরণের তারিখ চূড়ান্ত হয় না। এর আগে প্রস্তুতিমূলক সভায় একটা সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিলো।
মহাপরিচালক আরো বলেন, "এবারই সরকারি স্কুলে প্রথমবারের মতো লটারিতে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এটি একটি জাতীয় এবং সর্বসম্মত সিদ্ধান্ত। এ বছরই ভর্তির ক্ষেত্রে প্রথম জন্ম সনদ লাগছে।"
প্রথম পর্যায়ে রাজধানীর ১৩টি মাধ্যমিক স্কুলে প্রথম শ্রেণীতে এ লটারি পদ্ধতি অনুষ্ঠিত হবে। ক্লাস্টার পদ্ধতিতে তিনটি গ্র"পে এই ১৩টি স্কুলে লটারি অনুষ্ঠিত হবে।
গুচ্ছভিত্তিক এই ১৩টি স্কুলকে তিনটি গ্র"পে ভাগ করা হয়েছে। এলাকার ভিত্তিতে এগুলো বন্টণ করা হয়েছে। তবে যেসব এলাকায় একাধিক স্কুল রয়েছে সেগুলোকে দু' গ্র"পে বন্টণ করা হয়েছে।
মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক জাকির হোসেন আরো জানান, একই গুচ্ছের স্কুল থেকে কেউ একাধিক ফরম কিনলে তা লটারির সময় অথবা পরে ধরা পড়লে তা বাতিল করা হবে।
'ক' গ্র"পে রয়েছে গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়।
'খ' গ্র"পে রয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়।
'গ' গ্র"পে রয়েছে ধানমন্ডি গভর্ণমেন্ট বয়েজ হাই স্কুল, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
এই স্কুলগুলোতে প্রথম শ্রেণীতে এক হাজার ৫০০ আসন রয়েছে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে আসন সংখ্যা ৬ হাজার ৫১ জন। এবার সনাতনী পদ্ধতির সঙ্গে সঙ্গে অনলাইনেও ভর্তি ফরম বিতরণ করা হবে। তবে অনলাইনে ফরম ডাউনলোড করে তা পূরণ করে স্কুলে জমা দিতে হবে।
প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তির বয়সসীমা পাঁচ বছর থেকে শুরু হয়ে সাত বছর পর্যন্ত হবে। পাঁচ বছরের নিচে বা সাত বছরের বেশি কেউ প্রথম শ্রেণীতে ভর্তি হতে পারবে না। প্রথম শ্রেণীতে ভর্তিচ্ছুকদের ফরমে জন্ম নিবন্ধন সনদের নম্বর বাধ্যতামূলক রাখা হয়েছে।
দ্বিতীয় পর্যায়ে সারাদেশে মাউশির আওতাধীন ৩১৭টি স্কুলের যেগুলোতে প্রথম শ্রেণী রয়েছে সেখানেও লটারির মাধ্যমে ভর্তি অনুষ্ঠিত হবে এ বছর।
রাজধানীর বেসরকারি কয়েকটি স্কুলে ইতোমধ্যেই এ পদ্ধতিতে ভর্তি অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে শিক্ষা সচিব কামাল আবদুল নাসের, যুগ্ম সচিব খন্দকার রাকিবুর রহমান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এমআই/১৬৪৮ ঘ.
bdnews24