২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম শ্রেণীতে ভর্তি: লটারি না পরীক্ষা, সিদ্ধান্ত সোমবার

রাজধানীর ২৪টি সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারি না পরীক্ষা হবে এ বিষয়ে সিদ্ধান্ত হবে সোমবার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 02:46 PM

Updated : 26 Apr 2022, 01:40 AM

রাজধানীর ২৪টি সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারি না পরীক্ষা হবে এ বিষয়ে সিদ্ধান্ত হবে সোমবার।

ইতোমধ্যেই রাজধানীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথম শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম জানান, আগামী ২১ এবং ২২ ডিসেম্বর রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। বেইলী রোডের মূল ক্যাম্পাসে সব শাখার লটারির কার্যক্রম পরিচালনা করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ শিক্ষকরা।

লটারির ড্র অনুষ্ঠানের জন্য বুয়েটকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, একদিনে সব শাখায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় বলে পরপর দু'দিন এই কার্যক্রম চলবে।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে। এই প্রতিষ্ঠানে দ্বিতীয় শ্রেণীতে নতুন কোনো ভর্তি নেওয়া হবে না। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি করা হবে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা জানান, আগামী ১৭ ডিসেম্বর প্রথম শ্রেণীর ছেলেদের এবং ১৮ তারিখ প্রথম শ্রেণীর মেয়েদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয়, পঞ্চম এবং নবম শ্রেণীর ভর্তি পরীক্ষা।

এছাড়া ৩১ ডিসেম্বর চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গভর্ণিং বডির সিদ্ধান্তেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।

সরকারি স্কুলগুলোতে প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে প্রধান শিক্ষকরা এর আগে লটারি করে ভর্তির পক্ষে মত দিয়েছিলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ২৪ টি সরকারি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে সোমবার এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারি ২৪ টি স্কুলে দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ লক্ষ্যে স্কুলগুলোকে ৭ ডিসেম্বরের মধ্যে স্কুলের শিফট ও শ্রেণীভিত্তিক শিক্ষার্থী ভর্তির শূন্য আসনসংখ্যা মাউশিকে জানাতে বলা হয়েছে।

মাউশির মহাপরিচালক নোমানুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যেই স্কুলগুলো তাদের আসন সংখ্যা জানিয়ে দিয়েছে। তবে এবার আসন সংখ্যা বাড়ানো হবে কিনা এ বিষয়ে তিনি কিছু বলেননি।

নোমানুর রশীদ আরো বলেন, এ বছর সরকারি স্কুলগুলোতে লটারির মাধ্যমে ভর্তি করা হবে কিনা এ বিষয়ে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আসন বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা ওইদিনই নেওয়া হবে।

সরকারি স্কুলগুলো দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তির ফরম বিতরণ শুরু করেছে রোববার থেকে । ১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম বিতরণ চলবে। এছাড়া ১৮-২০ ডিসেম্বর পর্যন্ত এই ২৪ টি স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে মাউশি।

আগামী পহেলা জানুয়ারি শিক্ষাবর্ষের ক্লাশ শুরুর জন্যেই এতো দ্রুত ফলাফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মাউশির মহাপরিচালক।