২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ঘ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ঘ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 04:00 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ঘ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.univdhaka.edu) ফল পাওয়া যাবে। এছাড়া পার্সোনাল আইডিন্টেফিকেশন নাম্বার (PIN) ব্যবহার করে মোবাইলে এসএমএস'র মাধ্যমে ফল জানা যাবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞান শাখায় চার হাজার আটশ সাতজন, মানবিকে চার হাজার ৭৭ জন এবং ব্যবসায় শিক্ষায় উত্তীর্ণ তিন হাজার আটশ ২১ জন আবেদনকারীর পৃথক তিনটি মেধা তালিকা প্রণয়ন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ইউনিট থেকে কলা, সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজ ও আইন অনুষদভুক্ত বিভাগ; বিজ্ঞান অনুষদের গণিত এবং পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্যপরিসংখ্যান; জীব বিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান; আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সমাজকল্যাণ; স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের স্বাস্থ্য ও অর্থনীতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ব্যাচেলর অব এডুকেশন বিভাগে প্রার্থীরা মেধানুসারে নির্দিষ্ট সংখ্যক আসনে ভর্তি হওয়ার সুযোগ পাবে। কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের অফিস থেকে ফরম সংগ্রহ করে তা ওই অনুষদের কার্যালয়ে জমা দিতে হবে। এক্ষেত্রে প্রার্থীদের কোটায় ভর্তির যোগ্যতার প্রমাণপত্র, নম্বরপত্র/গ্রেডশিটের সত্যায়িত অনুলিপি সংযোজন করে যে কোটায় ভর্তি হতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে। কোনো প্রার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষা করাতে চাইলে আগামী ৬ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বেরের মধ্যে এক হাজার টাকা জমা দিয়ে পরীক্ষার প্রবেশপত্রের কপি সংযোজন করে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অফিসে আবেদন করতে পারবে বলে বিজ্ঞতিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২১৫০ ঘ.