ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ম. আখতারুজ্জামান বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা গেছেন।
অধ্যাপক আখতারুজ্জামান বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং ওয়ার্ল্ডস ফেডারেশন অব টিচার্স ইউনিয়নের সভাপতি ছিলেন।
শুক্রবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সামনে এবং সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা প্রদর্শনের জন্যে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে। পরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
অধ্যাপক আখতারুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও আইনমন্ত্রী শফিক আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়া শোক প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/১৮২৫ ঘ.
bdnews24