২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টুডেন্ট ভিসা: ১৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

স্টুডেন্ট ভিসায় বিদেশ পাঠানোর নামে একটি কাউন্সেলিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 06:25 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্টুডেন্ট ভিসায় বিদেশ পাঠানোর নামে একটি কাউন্সেলিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকসহ জড়িতদের গ্রেপ্তার দাবি করেছেন প্রতারিত শিক্ষার্থীরা। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, স্টুডেন্ট ভিসায় বিদেশ পাঠানোর নামে 'ইউনাইটেড ফরেন অ্যাডমিশন' তিন শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে ১৫ কোটি টাকা নেয়। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্সসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেওয়ার কথা বলে ওই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কাছ থেকে এ অর্থ নেয়। গত ১১ নভেম্বর প্রতিষ্ঠানটির গুলশান ও পল্টনের কার্যালয়ে তালা লাগিয়ে মালিকসহ এর ১৬ কর্মকর্তা পালিয়েছে যায় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। ইউনাইটেড ফরেন অ্যাডমিশন-এর মালিক মাহবুব হোসেন মামুন অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা করেও তারা পুলিশের কোনো সহায়তা পচ্ছেন না বলে অভিযোগ করা হয়। প্রতারিত দুই শিক্ষার্থীর অভিভাবক জেবা দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার দুই ছেলেকে যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য তিনি চেকের মাধ্যমে পাঁচ লাখ টাকা দেন। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে গত ২৫ নভেম্বর পল্টন থানায় মামলা করেন তিনি। কিন্তু পুলিশ কোনো সহায়তা করছে না বলে জানান তিনি। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক এ বিষয়ে বলেন, এসআই আলমগীরের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর মতিঝিল জোনের সিনিয়র পুলিশ কমিশনার আব্দুল মোমেন বিষয়টি তদন্ত করছেন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক কামরুজ্জামান জানান, এ ঘটনায় তিনটি মামলা হয়েছে। গত ২৭ নভেম্বর প্রতিষ্ঠানটির দুটি কার্যালয় খুলে ২৬টি পাসপোর্ট ও শিক্ষার্থীদের বেশকিছু মূল সনদপত্র জব্দ করে কার্যালয় দুটি সিল করে দেওয়া হয়েছে। এ ঘটনায় ফয়সাল নামে এক ব্যক্তিকে গেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সোহেল আহসান। এসময় শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২৩৫০ ঘ.