২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকের বই: ১০ দিন সময় ব্যর্থ মুদ্রকদের

ইতোমধ্যে বই সরবরাহে ব্যর্থ মুদ্রকরা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সারা দেশে সরবরাহের ব্যবস্থা করতে পারলে তাদের জরিমানা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 03:21 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতোমধ্যে বই সরবরাহে ব্যর্থ মুদ্রকরা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সারা দেশে সরবরাহের ব্যবস্থা করতে পারলে তাদের জরিমানা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন জানান, ২০১১ শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে প্রাথমিকের বই তুলে দিতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার আফসারুল আমিন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে জানান, সব জেলা ও উপজেলায় ১০ ডিসেম্বরের মধ্যে বই সরবরাহ করা গেলে মুদ্রকদের জরিমানা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামাল উদ্দিন এবং পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের বিশেষ দায়িত্বপ্রাপ্ত রতন সিদ্দিকী বুধবার মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। এনসিটিবির চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেসব মুদ্রকের বই ছাপা ও সরবরাহের সময় ইতোমধ্যেই পার হয়ে গেছে তারা ১০ ডিসেম্বরের মধ্যেই এসব বই সরবরাহ করলে দরপত্রের নিয়মানুযায়ী তাদের জরিমানা করার কথা থাকলেও তা মওকুফ করা হবে। বুধবার প্রাথমিক মন্ত্রী এ সিদ্ধান্তের কথা এবং বইয়ের সামগ্রিক অবস্থা জানতে এনসিটিবি চেয়ারম্যানকে নিজ দপ্তরে ডেকে পাঠান। গত ২৯ নভেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং বেশ কয়েকটি সংবাদপত্রে শিক্ষাবর্ষের শুরুতে প্রাথমিকের বই প্রাপ্তির অনিশ্চয়তা বিষয়ে সংবাদ প্রকাশের পর মন্ত্রী চেয়ারম্যানকে নিজ দপ্তরে ডাকেন। অধ্যাপক মোস্তফা বিডিনিউজকে বলেন, প্রাথমিকের প্রায় ৬০ শতাংশ বই গতকাল পর্যন্ত সরবরাহ করা হয়েছে। গণমাধ্যমে ৩৬ শতাংশ বই সরবরাহের যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভুল তথ্য। নিপুন এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের প্রাথমিকের প্রায় ৭৫ লাখ বই ছাপানোর কাগজ সরবরাহ না করার বিষয়টি এখন আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে বলে জানান তিনি। এ কাগজের জন্যেও বই সরবরাহ বিলম্ব হবে না জানিয়ে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এনসিটিবির নিজস্ব কাগজ দিয়ে ইতোমধ্যে বই ছাপার কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিদপ্তর থেকে এক হাজার দু'শ ৪১ টন এবং এনসিটিবির নিজস্ব ছয়শ ৭৬ টন কাগজ দিয়ে এই ৭৫ লাখ বই ছাপানো হবে। ফলে প্রাথমিকের এ বই নিয়ে এখন কোনো সমস্যা হবে না বলে জানান চেয়ারম্যান। তিনি জানান, নিয়মানুযায়ী এ সংস্থার জামানত রাখা এক কোটি ৬০ লাখ টাকা বাজেয়াপ্ত করা হবে। মন্ত্রীর সঙ্গে দেখা করার সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সচিব একেএম আব্দুল আউয়াল এবং রতন সিদ্দিকী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২১১৩ ঘ.