ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ আদালতের আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার আইনি বাধা কেটেছে। আগামী ৩ ডিসেম্বর এ পরীক্ষা হবে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতির বুধবারের আদেশে একই সঙ্গে 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার নিতেও আর বাধা থাকলো না বলে আইনজীবীরা জানিয়েছেন।
এ দুটি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শর্ত আরোপের সিদ্ধান্ত গত ১১ নভেম্বর হাইকোর্ট স্থগিত করে। বিশ্ববিদ্যালয়ের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এসকে সিনহার বুধবার হাইকোর্টের সে আদেশ স্থগিত করেন।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন তিনি। আগামী ১০ মার্চ সে শুনানি হবে।
চেম্বার বিচারপতির আদেশের পর বিশ্ববিদ্যালয়ের আইনজীবী এএফএম মেসবাহউদ্দিন সাংবাদিকদের বলেন, এর ফলে আগামী ৩ ডিসেম্বর 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা এবং 'খ' ইউনিটের ভর্তির সাক্ষাৎকার নিতে আর কোনো বাধা নেই।
গত বছরের ৬ সেপ্টেম্বর ঢাবির সিন্ডিকেট এক সভায় 'খ' ও 'ঘ' ইউনিটের ১১টি বিভাগে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য উচ্চ মাধ্যমিকে বাংলায় ২০০ এবং ইংরেজিতে ২০০ নম্বরের পরীক্ষা দিয়ে আসা বাধ্যতামূলক করে।
বিভাগগুলো হলো বাংলা, ইংরেজি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, উন্নয়ন অধ্যয়ন, লোকপ্রশাসন, ভাষাতত্ত্ব, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, সমাজবিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ভর্তির ক্ষেত্রে ২০০ নম্বর থাকার শর্তারোপ করে।
মাদ্রাসায় আলিমে (উচ্চ মাধ্যমিকে) বাংলা ও ইংরেজি ১০০ নম্বরের পরীক্ষা হয়। ফলে এ সব বিভাগে ভর্তি হওয়ার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় তিন মাদ্রাসা শিক্ষার্থী রিট আবেদনটি দায়ের করেন।
হাইকোর্টের আদেশের পর 'খ' ইউনিটে ভর্তির সাক্ষাৎকার স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২৫ নভেম্বর থেকে ২৭ নভেম্বর তা হওয়ার কথা ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮০৩ ঘ.
bdnews24