২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ঢাবি ছাত্র আহত, ১১ গাড়ি ভাংচুর

দুর্ঘটনায় ছাত্র আহত হওয়ার জের ধরে ক্যাম্পাসে ১০টি প্রাইভেট কার ভাংচুর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 07:40 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় ছাত্র আহত হওয়ার জের ধরে ক্যাম্পাসে ১০টি প্রাইভেট কার ভাংচুর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে পৌনে ২টার মধ্যে শহীদ মিনার-টিএসসি সড়কে এ ভাংচুর চালানো হয়েছে। এর আগে দুর্ঘটনার জন্য দায়ী ওই প্রাইভেট কারটি ভাংচুর করে শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও শামসুন্নাহর হলের মাঝের রাস্তায় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২৫-৮১৬৫) নিয়ে চালক মালিকের মেয়েকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। এসময় গাড়িটির ধাক্কায় সাধন দাশ নামের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হন। এ ঘটনার পর ছাত্ররা গাড়িটির চালক, মালিকের মেয়ে ও তাদের এক আত্মীয়কে আটক করে আহত সাধনসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাধনের চিকিৎসা শুরু হওয়ার পর ওই তিনজনকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, "এ সময় গাড়িটি জরুরি বিভাগের সামনে রাখা ছিলো। হঠাৎ ছাত্ররা গাড়িটি ভাংচুর শুরু করে।" প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় এনটিভির ঢাকা মেডিকেল প্রতিনিধি আল-আমিন ভাংচুরের ছবি তুলতে গেলে তার ক্যামেরা ছিনিয়ে নেয় ছাত্ররা। এ সময় তাকে মারধরও করে তারা। শাহবাগ জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) শহীদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০-৩০ জন ছাত্র গাড়িটি ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৩৫৪ ঘ.