হবিগঞ্জ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী খুনের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে খুন হয় বাহুবল উপজেলার মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী সুমী আক্তার (১৫)।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সোমবার সকাল ১১টার দিকে প্রতিবেশি তিন যুবকসহ চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
এরা হলো- বানিয়া পাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে সাদ্দাম (২২), জসিম (১৯), সোহেল (১৫) ও মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ আলীর ছেলে রাহেল মিয়া (২৪)।
বাহুবল থানার ওসি সৈয়দুজ্জামান সাংবাদিকদের জানান, রাহেলকে দুপুর আড়াইটার দিকে আটক করা হয়।
দুপুর ৩টা পর্যন্ত তাদের বাহুবল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিলো।
ওসি জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রোববার রাতে বাহুবলের মিরপুর ইউপি চেয়ারম্যান রমিজ আলী জানান, সন্ধ্যার পর বানিয়াপাড়া গ্রামের ঈমান আলীর মেয়ে সুমী নিখোঁজ হন।
রাত ৮টায় বাড়ির পাশের কবরস্থান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৩ ঘ.
bdnews24