ঢাকা, নভেম্বর ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার বিকালে শিবিরকর্মী সন্দেহে আটক তিন ছাত্র থানা থেকে ছাড়া পেয়েছেন।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রক্টর কে এম সাইফুল ইসলামের মাধ্যমে তারা শাহবাগ থানা থেকে ছাড়া পান।
এরা হলেন- রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের আরাফাত, আরবী তৃতীয় বর্ষের নাসির উদ্দিন ও বিশ্বধর্ম তত্ত্ব প্রথম বর্ষের মীর লোকমান।
বিকালে কয়েকজন ছাত্রলীগকর্মী তাদের মারধর করে থানায় দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, বিকাল সাড়ে ৩টায় কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী ডাকসু ভবনে ওই তিন ছাত্রকে প্রচণ্ড মারধর করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশে হস্তান্তর করেন।
আহত আরাফাতকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ঢাবি জহুরুল হক হল শাখার সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত বলেন, "ওই তিন ছাত্র ডাকসুর দোতলায় গোপন বৈঠক করছিল। সেখান থেকে আমরা তাদের ধরে পুলিশে দিই।"
তাদেরকে মারধরের কথা তিনি অস্বীকার করেন।
আটকরা জানান, তারা একে অপরকে চেনেন না। তারা ডাকসুর দোতলায় পত্রিকা পড়ছিলেন। ওই সময় তাদের মোবাইল ফোন সেট কেড়ে নেয় বলেও অভিযোগ করেন তারা।
প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটকদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় থানা থেকে তারা ছাড়া পেয়েছে।"
তবে যারা ক্যাম্পাসে সন্দেহমূলকভাবে তিন ছাত্রকে পিটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩২ ঘ.
bdnews24