জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসাইন রেজাকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৫ জুলাই বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় দায়ের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। রেজা ওই মামলার ১ নম্বর আসামি।
আশুলিয়া থানার উপপরিদর্শক এম মুনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলাম নগরের একটি বাসা থেকে রেজাকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ জুলাই আল বেরুনী হলে ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম শাফিন ও সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষে একজন সহকারী প্রক্টরসহ ৫০ জন আহত হন।
এরপর ছাত্রলীগ সাধারণ সম্পাদকের সমর্থক আতিকুর রহমান হিমু বাদি হয়ে রেজাসহ ২১ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করেন।
গত ২৬ অগাস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন রেজাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন এবং ছাত্রলীগ জাবি শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ আরো ২২ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে।
একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১২২ ঘ.
bdnews24