খুলনা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী মঙ্গলবার থেকে।
টেলিটক মোবাইল ফোনে ক্ষুদ্র বার্তার (এসএমএস) মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন নেওয়া হবে ৫ জানুয়ারি।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.ku.ac.bd এ পাওয়া যাবে বলে জানিয়েছেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক এস এম আতিয়ার রহমান।
তিনি জানান, আগামী ১৭ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। সব পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে।
জনসংযোগ কর্মকর্তা জানান, ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের এবং একইদিন বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের পরীক্ষা হবে।
পরদিন (১৮জানুয়ারি) হবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জীব বিজ্ঞান এবং একইদিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের পরীক্ষা।
১৯ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সমাজ বিজ্ঞান এবং একইদিন দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের পরীক্ষা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৭ ঘ.
bdnews24