২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পরীক্ষা ভালো হয়েছে'

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষার শুরু নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরীক্ষার্থীরাও বলছেন, প্রশ্ন সহজ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 11:38 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষার শুরু নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরীক্ষার্থীরাও বলছেন, প্রশ্ন সহজ হয়েছে। সারাদেশে বৃহস্পতিবার একােযগে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। তা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। পরীক্ষায় অংশ নিচ্ছে ১৫ লাখ ৫ হাজার ৩৯১ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫ হাজার ২৭২ জন এবং ৮ লাখ ১১৯ জন ছাত্রী। আটটি সাধারণ শিক্ষাবোর্ডের জন্য অভিন্ন প্রশ্নপত্র তৈরি করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে। প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথমপত্র এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা হয়। রোববার ইংরেজী ১ম পত্র ও ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার ফলাফল ৩১ ডিসেম্বরের মধ্যেই দেওয়া হবে বলে শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন। এসএসসি পরীক্ষার মতোই গ্রেডিং পদ্ধতিতে এ পরীক্ষার ফলাফল হবে। দেশে এবং বিদেশে মোট ১৮০৪টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ঢাকা বোর্ডের অধীনে দেশের বাইরে সাতটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দুপুরে বাংলা প্রথমপত্রের পরীক্ষা শেষে ঢাকার কয়েকটি কেন্দ্রের পরীক্ষার্থীরা জানায়, সৃজনশীল প্রশ্নপত্রে এ ধরনের পাবলিক পরীক্ষা প্রথম হলেও পরীক্ষা ভালোই হয়েছে। সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া ঢাকা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুহা বিনতে শামসুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "প্রশ্ন অনেক সোজা হয়েছে। পরীক্ষাও তাই ভালো হয়েছে।" মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কথা হয় কয়েকজন অভিভাবকের সঙ্গে। তারা দু'বেলায় পরীক্ষা নিয়ে আপত্তি প্রকাশ করেছেন। এ কেন্দ্রে শিক্ষামন্ত্রী অভিভাবকদের বলেন, "আগেও এ ধরনের সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হতো। পরবর্তী ক্লাসে শিক্ষার্থীদের বাৎসরিক সময় যাতে না কমে যায় সেজন্য দু'বেলা পরীক্ষা নেওয়া হচ্ছে।" পরীক্ষার্থীরা ভালো পরীক্ষা দিচ্ছে বলে শিক্ষামন্ত্রী অভিভাবকদের আশ্বস্ত করেন। নাহিদ বলেন, "পঞ্চম শ্রেণীর পর বেশ কিছু শিক্ষার্থী ঝরে পড়ে। প্রাথমিক সমাপনী পরীক্ষার সার্টিফিকেটে উদ্বুদ্ধ হয়ে এখন ঝরে পড়ার হার কমেছে। অষ্টম শ্রেণীতেও এই পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট দেওয়া হবে। এর ফলে শিক্ষার্থীরা পরবর্তীতে আরো ভালো করার জন্যে অনুপ্রাণিত হবে।" মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শফিকুর রহমান নামে এক অভিভাবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে এসএসসি পরীক্ষায় দু'বেলা পরীক্ষা হতো। এসএসসিতে বাচ্চারা একটু পরিপক্ক থাকে। কিন্তু ক্লাশ এইটের বাচ্চারা এত বড় একটি পাবলিক পরীক্ষা সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারে না।" এ বছর বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজী প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে। ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম বলেন, "যে কোনো নতুন বিষয়কে প্রথমে গ্রহণ করতে বেশ কষ্ট হয়। আগে এসএসসি'র পর একটা সার্টিফিকেট পাওয়া যেতো। এখন সেটা অষ্টম শ্রেণীতেই পাওয়া যাচ্ছে। ফলে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে।" তিনি আরো বলেন, "আগে অনেক সময় শিক্ষার্থীরা অকৃতকার্য হলেও সুপারিশের ভিত্তিতে ষষ্ঠ বা নবম শ্রেণীতে ভর্তি করা হতো। এখন সে চাপটা অনেক কমে যাবে। কারণ, পঞ্চম ও অষ্টম শ্রেণীর এ পরীক্ষা পাশের সনদ থাকলেই কেবল পরবর্তী ক্লাসে ভর্তি হওয়া যাবে।" এসএসসি'র মতো এ পরীক্ষায়ও জিপিএ পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের সনদপত্র পাবে। ভালো ফলাফল করা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। আলাদা কোন বৃত্তি পরীক্ষা হবে না। সৃজনশীল প্রশ্নপত্রে 'বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন' দু'টি অংশে সম্মিলিতভাবে ৩৩ পেলেই পাস করবে পরীক্ষার্থীরা। এসএসসি পরীক্ষার মতো প্রতি অংশে আলাদাভাবে পাস করতে হবে না। এ পরীক্ষার মাধ্যমেই প্রথম বারের মতো পাবলিক পরীক্ষায় প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য ১৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে। তাছাড়া যাদের হাত নেই বা হাত দিয়ে লিখতে পারে না-তাদের জন্য শ্র"তি লেখকেরও সুযোগ রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এজে/কেএমএস/এমআই/১৭৩৬ ঘ.