২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে শিক্ষকের ডাস্টারে শিক্ষার্থী আহত

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নিষিদ্ধ করা হলেও ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকের ডাস্টারের আঘাতে আহত হয়েছে এক ছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 03:10 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নিষিদ্ধ করা হলেও ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকের ডাস্টারের আঘাতে আহত হয়েছে এক ছাত্রী। মঙ্গলবার দুপুরে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে সূর্যকান্দি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত নূরজাহান (৮) ওই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে শিক্ষক আইয়ুব পলাতক রয়েছেন বলে জানান প্রধান শিক্ষক সামিরা ঝরণা। নূরজাহানের বাবা শুক্কুর আলী সাংবাদিকদের জানান, প্রাইভেট না পড়ায় শিক্ষক আইয়ুব তার মেয়ে নূরজাহানকে ডাস্টার দিয়ে আঘাত করেন। উপর্যুপরি আঘাতে নূরজাহান অজ্ঞান হয়ে গেলে প্রধান শিক্ষিক সামিরাসহ অন্যান্য শিক্ষকরা তাকে হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গেসঙ্গেই উপজেলা শিক্ষা কর্মকর্তা লিখিতভাবে আইয়ুবের বিরদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি দিয়েছেন। তিনি জানান, আইয়ুবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মামলা হবে। গত ৯ অগাস্ট সরকার শিক্ষার্থীদের শাস্তি দেওয়া নিষিদ্ধ করে। এ সংক্রান্ত দেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়, শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া অসদাচরণ হিসাবে গণ্য করা হবে। শারীরিক শাস্তি প্রদানকারীদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০, ১৯৭৪ সালের শিশু আইন অনুযায়ী জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ব্যবস্থা নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১০৭ ঘ.