২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি, তিনদিনের কর্মসূচি

উত্ত্যক্তের প্রতিবাদকারী স্কুলশিক্ষার্থীর মায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হামলাকারীরা এখনো গ্রেপ্তার হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 12:22 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ফরিদপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তের প্রতিবাদকারী স্কুলশিক্ষার্থীর মায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হামলাকারীরা এখনো গ্রেপ্তার হয়নি। ফরিদপুর পুলিশ তাদের মা'দের আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে। এদিকে, সহকর্মীর মৃত্যুতে ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়ন বৃহস্পতিবার থেকে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় মধুখালী উপজেলা সদরে দেবাশীষ সাহা রনির (২৪) মটর সাইকেলের ধাক্কায় চাঁপা রাণী ভৌমিক (৪৮) নিহত হন বলে অভিযোগ। চাঁপা নিজের মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রনি এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। নিহত চাঁপা ফরিদপুর চিনিকলের বাণিজ্যিক বিভাগের কর্মী ছিলেন। বুধবার বিকালে তার শেষকৃত্য হয়। চাঁপা রাণীর মৃত্যুতে রনিকে আসামি করে বুধবার বিকালে মধুখালী থানায় একটি হত্যা মামলা করেন তার ভাই অরুণ ভৌমিক। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. গিয়াসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রনি ও তার সহযোগী আলমগীরের খোঁজ পেতে রাতে তাদের মা'দের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরা হলেন- রনির সৎ মা প্রমিতা সাহা এবং রনির সহযোগী আলমগীরের মা খোদেজা বেগম। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান। রনি ও আলমগীরকে ধরতে দেশের বিভিন্ন এলাকায় বার্তা পাঠানো হয়েছে বলেও তদন্ত কর্মকর্তা জানান। ফরিদপুর চিনিকলের শ্রমজীবি ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল হক জানান, চাঁপা রাণীর মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচি বৃহস্পতিবার শুরু হয়েছে। ফরিদপুর চিনিকল ও চিনিকল উচ্চ বিদ্যালয় ভবনে কালো পাতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া চিনিকলের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেছে। বৃহস্পতিবার সকালে ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমেদ এবং পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) আওলাদ আলী ফকির ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা চাঁপা রাণীর বাড়িতে যান এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এসপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুন করে কেউ পালিয়ে থাকতে পারে না। ধরা পড়তেই হয়। রনিও পালিয়ে বাঁচতে পারবে না।" তিনি জানান, পুলিশের একাধিক দল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। অচিরেই রনিকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া বলেন, "হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত মধুখালীবাসীকে নিয়ে আন্দোলন করে যাব।" তিনি বলেন, বখাটেদের প্রতি অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। এছাড়া চাঁপা রাণীর সমাধিতে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের পক্ষে জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান পুস্পমাল্য অর্পণ করেন। বিকালে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান চাঁপা রাণীর বাড়ি গিয়ে তার স্বজনদের সান্ত্বনা জানান। এলাকাবাসী জানায়, চাঁপা রাণীর মেয়ে ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ে। দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিলো ওই এলাকার মদের ব্যবসায়ী রতন সাহার ছেলে রনি। বিষয়টি মধুখালী উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমানকে জানালে সে চাঁপা রাণীর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। এর জের ধরে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সে ফরিদপুর চিনিকল গুদামের সামনে চাঁপা রাণীর গায়ের উপর মটরসাইকেল তুলে দেয়। মধুখালীর ঘটনার ১৪ দিন আগে গত ১২ অক্টোবর নাটোরের বাগাতি বাড়ার লোকমানপুরে ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় লোকমানপুর কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মিজানুর রহমানের গায়ে মটর সাইকেল তুলে দেয় বখাটেরা। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অক্টোবর মিজানুর মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৮২৩ ঘ.