২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক পরীক্ষায় বসছে নিম্ন মাধ্যমিকের ১৫ লাখ শিক্ষার্থী

প্রথমবারের মতো অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এ বছর ১৫ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেবে। অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশের আটটি শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 07:01 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

জান্নাতুল ফেরদাউস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এ বছর ১৫ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেবে। অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশের আটটি শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে। ৪ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বরের মধ্যেই ফলাফল দেওয়া হবে বলে শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন। এসএসসি পরীক্ষার মতোই গ্রেডিং পদ্ধতিতে এ পরীক্ষার ফলাফল হবে। ঈদুল আজহাসহ অন্যান্য ছুটি থাকলেও এত কম সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল দেওয়ার কারণ সম্পর্কে ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসএসসি পরীক্ষা হয় ১৪ কর্মদিবসে। আর এ পরীক্ষা হবে ৭ কর্মদিবসে। ফলে দ্রুত পরীক্ষার খাতা পেলে তা পরীক্ষকদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে।" ঢাকা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে এ অভিন্ন প্রশ্নপত্র তৈরি করা হবে। অধ্যাপক ফাহিমা বলেন, সব স্কুল সমমানের নয় এ সংক্রান্ত যে ধারণা রয়েছে, এবার এ ধারণার পরিবর্তন ঘটবে। কারণ এক প্রশ্নপত্রে দেশের সব স্কুলের সব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। শিক্ষার্থীদের ইতিবাচক মনোভাব তৈরি হবে।" এ পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা নিয়ে ভীতি কাটবে বলে আশা করছেন তিনি। এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় আটটি সাধারণ বোর্ডের অধীনে ১৮ হাজার ৭৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ লাখ ৪৮ হাজার ৭৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মাদ্রাসা বোর্ডের অধীনে ৮ হাজার ৮৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬৫৩ জন। ঢাকা বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যাই সবচেয়ে বেশি, এ সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৪৪০ জন। সবচেয়ে কম পরীক্ষার্থী সিলেট বোর্ডে, ৭২ হাজার ৫০০ জন। জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১৫ লাখ ২০ হাজার ৭৩১ জন। দেশে এবং বিদেশে মোট ২৬০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে দেশের বাইরে ৭টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। ঝুঁকিপূর্ণ কোনো পরীক্ষা কেন্দ্র নেই বলে জানান অধ্যাপক ফাহিমা। তবে কোনো জেলা প্রশাসক চাইলে পরীক্ষার নতুন কেন্দ্র করতে পারবে বলে তিনি জানান। এ বছর প্রথম প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে। এ সিদ্ধান্ত পরবর্তীতে এসএসসি এবং এইচএসসিতেও প্রবর্তন করা হবে বলে জানান অধ্যাপক ফাহিমা খাতুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৩০০ ঘ.