২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি শিক্ষক লাঞ্ছনা: তিন কর্মকর্তা বরখাস্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় সোমবার তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 12:30 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় সোমবার তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এরা হলেন- চিকিৎসা কেন্দ্রের শাখা কর্মকর্তা রিপন হাসান, ফলিত খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের শাখা কর্মকর্তা হারুনুর রশিদ এবং সহকারী রেজিস্ট্রার জামাল হোসেন। গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক আলমগীর হোসেন ও সাদেক আলীকে তারা মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এ ঘটনা তদন্তে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ড. এটিএম লোকমান হাকিমকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে রেজিস্ট্রার অফিস জানায়। কমিটির অপর সদস্যরা হলেন- আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ড. নাসির উদ্দিন মিঝি, ইংরেজি বিভাগের ড. মামুনুর রহমান, ইলেক্ট্রনিক্স বিভাগের নজিবুল হক ও উপ-রেজিস্টার নওয়াব আলী। আগামী পনের দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। এদিকে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এক চিঠিতে শিক্ষকদের কর্মবিরতি পালন কর্মসূচি স্থগিত করে কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানান। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এস এম রেজওয়ান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সব দাবি মেনে না নেওয়ায় তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। শিক্ষক সমিতির কর্মবিরতি অব্যাহত থাকায় মঙ্গলবার সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী পরীক্ষাগুলোও অনিশ্চিত হয়ে পড়েছে। সোমবার বায়োটেকনোলজি, ম্যানেজমেন্ট, দাওয়াহ ও হাদিস বিভাগের পরীক্ষা হয়নি। ইবি' ২০১০-১১ (সম্মান) শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমও বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮২৪ ঘ.