ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার ব্যাপারে মতামত দিতে দ্বিতীয় দফায় চিঠি দিয়ে সাত দিন সময় বেঁধে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ সময়ের মধ্যে মতামত না পেলে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে গত বৃহস্পতিবার অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রঞ্জিত কুমার সেন জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব ক্যাম্পাসে কবে নাগাদ যাবে এ বিষয়ে গত বৃহসপতিবার আবারও তাগাদাপত্র দেওয়া হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গত ২৬ সেপ্টেম্বর একটি তাগাদাপত্র দেওয়া হয়।
গত ১৮ অগাস্ট শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের সঙ্গে এক সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কবে তাদের স্থায়ী ক্যাম্পাসে ফিরে যাবে সে বিষয়ে মতামত চাওয়া হয়। ওই বৈঠকে অ্যাসোসিয়েশনকে তিন সপ্তাহ সময় দেয়া হয়। এ সময়ের মধ্যে তারা উত্তর দেয়নি।
দেশে এখন পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৪। এর মধ্যে মাত্র চার/পাঁচটির নিজস্ব ক্যাম্পাস রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সাত দিনের মধ্যে তাদের মতামত পাওয়া না গেলে ধরে নেওয়া হবে তারা মতামত দিতে রাজী নয় বা এ বিষয়ে তাদের কোনো মতামত নেই।
বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান সিএম শফি সামি জানান, তিনি এখনো এ চিঠি পাননি। তবে শিক্ষামন্ত্রী বিদেশ যাওয়ার আগে তিনি এ বিষয়ে আরো সময় চেয়ে নিয়েছেন।
তিনি জানান, গতকাল পর্যন্ত বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় চিঠি পেয়েছে।
নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সাত বছরের বেশি অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় চালানোর নিয়ম নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০০৯ঘ.
bdnews24