ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোকমিছিল ও পুর্ষ্পার্ঘ অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার স্মরণ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ট্রাজেডির শিকার শিক্ষার্থীদের।
১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের একটি ভবনের ছাদ ধসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ৪০ জন ছাত্র। এরপর থেকে বছরের এ দিনটি বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
শুক্রবার ২৫তম 'ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস' এ সকাল ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব হল ও প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
সকাল সাড়ে ৬টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে শোকমিছিল সহকারে জগন্নাথ হল স্মৃতিসৌধে গমন, পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন কর্মসূচি পালন করেছেন।
এরপর সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের প্রার্থনা সভা এবং বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হলের মসজিদে মোনাজাত হওয়ার কর্মসূচি রয়েছে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে।
নিহতদের স্মরণে জগন্নাথ হল প্রাঙ্গণে তৈলচিত্র ও তাদের সম্পর্কিত প্রদর্শনীর আয়োজন রয়েছে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এছাড়া সকাল ৯টায় সেখানে শুরু হয়েছে রক্তদান কর্মসূচি; চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এ দিবসের কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা এবং শোক সঙ্গীত ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯৫২ ঘ.
bdnews24