বরিশাল, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-একটি কলেজের কমিটি নিয়ে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি আব্দুল আউয়াল ও নাজমুল হাসানের সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।
বরিশাল-৪ আসনের সাংসদ মেজবাহউদ্দিন ফরহাদ সোমবারই এ রিট দায়ের করেন বলে তার আইনজীবী জানান।
মেজবাহউদ্দিন ফরহাদের আইনজীবী গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল জানান, বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজের ব্যবস্থাপনা কমিটি থেকে চলতি বছরের অক্টোবরে সাংসদ মেজবাহউদ্দিন ফরহাদকে বাদ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)।
রিটের শুনানি শেষে এক আদালত আগের কমিটি বহাল রাখার নির্দেশ দেয়। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে গঠিত কমিটি স্থগিত করে।
এছাড়া ওই কমিটি কেন বাতিল করা হবে না তার কারণ ব্যাখ্যা করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তিন সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৮ ঘ.
bdnews24