২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ-মৈত্রীর মারামারি

আধিপত্য নিয়ে রাজশাহী নিউ ডিগ্রি কলেজে মারামারি করেছে সরকার সমর্থক দুই ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ছাত্রমৈত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 11:40 AM

Updated : 25 Aug 2022, 07:03 PM

রাজশাহী, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য নিয়ে রাজশাহী নিউ ডিগ্রি কলেজে মারামারি করেছে সরকার সমর্থক দুই ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ছাত্রমৈত্রী। মঙ্গলবারের এ মারামারিতে অন্তত ১০ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পুলিশ কলেজ ক্যাম্পাস থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে। মহাজোট শরিক ওয়ার্কার্স পার্টির সমর্থিত ছাত্রমৈত্রী মারামারির জন্য আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগকে দায়ী করেছে। ছাত্ররা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রমৈত্রীকর্মীরা মিছিল শুরুর সময় ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময়ে লাঠি-সোঁটা নিয়ে মারামারি বেঁধে গেলে আহত হয় ১০ জন। রাজপাড়া থানার ওসি শহীদুল হক সাংবাদিকদের বলেন, সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ক্যাম্পাসে গিয়ে দুই পক্ষকে হটিয়ে দেয়। সংঘর্ষস্থল থেকে আটক করা হয় তিনজনকে। গ্রেপ্তার তিনজন হলেন- ছাত্রলীগকর্মী সারোয়ার হোসেন রিপন ও শফিকুল ইসলাম এবং ছাত্রমৈত্রীর মাহি। ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আফসারুজ্জামান সুমন বলেন, "কোনো উস্কানি ছাড়াই ছাত্রলীগকর্মীরা আমাদের ওপর হামলা চালায়।" আহতদের মধ্যে মাহি, জুয়েল, তুষার, পিয়াস, অনিক, আল-আমিন ছাত্রমৈত্রীকর্মী বলে জানান তিনি। এ বিষয়ে তাক্ষণিকভাবে ছাত্রলীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মারামারির পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.