২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়: চাকরিচ্যুতির নোটিশের কার্যকারিতা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩০ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরিচ্যুতির ব্যাপারে দেওয়া নোটিশের কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 11:10 AM

Updated : 25 Aug 2022, 06:45 PM

গাজীপুর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩০ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরিচ্যুতির ব্যাপারে দেওয়া নোটিশের কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। সেইসঙ্গে ওই নোটিশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দুই সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে বিচারপতি আব্দুল আউয়াল ও এফ আর এন নাজমুল আহসানের বেঞ্চ এই আদেশ দেয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (লাইব্রেরি) মিয়া হোসেন রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৭-২৯ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বদ্যিালয় কর্তৃপক্ষ ২৩০ জন কমকর্তা-কর্মচারীকে 'কেন চাকরি থেকে বরখাস্ত করা হবে না' জানতে চেয়ে নোটিশ দেয়। তিনি জানান, নোটিশ পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে এর জবাব দেওয়ার জন্য বলা হয়। চারদলীয় জোট সরকারের আমলে তাদের নিয়োগ দেওয়া হয়েছিলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. নুরুল আমিন, সেকশন অফিসার মিয়া হোসেন রানা, সাব টেকনিক্যাল অফিসার মো. কামরুল হাসান, উচ্চমান সহকারি মো. তোফায়েল আহমেদ ও কর্মচারি (এসএমএলএসএস) মো. শাহজাহান মিয়া পৃথকভাবে গত রোববার হাইকোর্টে রিট আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭১১ ঘ.