২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ দফা দাবিতে জাবি আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 08:20 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্য প্রাঙ্গনে শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে 'সম্মিলিত আদিবাসী ছাত্র-ছাত্রীবৃন্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়' এর আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে অবিলম্বে বাংলাদেশের ৫০টিরও বেশি আদিবাসী গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, শিক্ষা ও আত্মনিয়ন্ত্রণাধিকারের সাংবিধানিক স্বীকৃতি দাবি করা হয়। তাদের অন্যান্য দাবি হল, পার্বত্য চট্টগ্রামকে বিশেষ শাসিত আদিবাসী অঞ্চলের মর্যাদা, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বাস্তবায়ন এবং চুক্তির অধীনে প্রণীত আইন সমুহের সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসী অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর আদিবাসীদের অধিকার সাংবিধানিকভাবে নিশ্চিত করা। 'সম্মিলিত আদিবাসী ছাত্র-ছাত্রীবৃন্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়' এর আহ্বায়ক অনাবিল সুইনের সভাপতিত্বে এ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন পুচনু চাকমা, সুফন চাকমা, দ্বীপন চাকমা প্রমূখ। পরবর্তীতে এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাজিব কর্মকার এবং সাংগঠনিক সম্পাদক এস জে দ্বীপ, বাংলাদেশ মারমা এসোসিয়েসনের পক্ষ থেকে উখিনু মারমা, জাবি চলচ্চিত্র আন্দোলনের পক্ষ থেকে জোবায়ের হোসেন। অনাবিল সুইন বলেন, "উপজাতি নয়, আমরা আদিবাসী হিসেবেই পরিচিত হতে চাই।" এছাড়াও আদিবাসীদের মৌলিক অধিকারসহ সকল অধিকার নিশ্চিত করার দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪১৪ ঘ.