২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সংঘর্ষের ঘটনায় মামলা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় শনিবার মতিহার থানায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2010, 02:17 PM

Updated : 24 Aug 2022, 06:28 PM

রাজশাহী, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় শনিবার মতিহার থানায় একটি মামলা হয়েছে। মতিহার থানার পরিদর্শক আরিফুজ্জামান বাদি হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন ওসি তোফাজ্জল হোসেন। তবে মামলায় কতজনকে আসামি করা হয়েছে এবং তাদের পরিচয় জানাননি। সংঘর্ষের ঘটনায় পুলিশ প্রশাসন তদন্ত কমিটি করার আশ্বাস দিয়েছে বলে রুয়েট'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ক্যাম্পাসে মানবন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। দুপুরে পুলিশ কর্মকর্তা ও পরিবহন নেতাদের সঙ্গে দুই দফা বৈঠকে ছাত্রদের ওপর পুলিশের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শিক্ষার্থীদের ক্ষতিরপূরণ দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার রুয়েটের তড়িৎ কৌশল বিভাগের শিক্ষা সমাপনী (র‌্যাগ ডে) শোভাযাত্রার একটি ঘোড়ার গাড়িকে ধাক্কা দেয় শ্যামলী পরিবহনের একটি বাস। এতে তিন ছাত্র আহত হন। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। পরে কয়েকজন ছাত্রকে মারধর করে পরিবহন শ্রমিকরা। এর প্রতিবাদে ছাত্ররা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন আহত হন। মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম বলা যাচ্ছে না। সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে রুয়েট শাখা ছাত্রশিবিরের সভাপতি গোলাম আরিফ দাবি করেন, সংঘর্ষের ঘটনায় তিনিসহ সংগঠনটির নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি মামলাটি প্রত্যাহারের দাবি জানান। এদিকে মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেনের পদত্যাগ ও রাজশাহীতে শ্যামলী পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে শিক্ষার্থীরা দুপুর ১টা থেকে ২টা পর্র্যন্ত রুয়েটের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। রুয়েট শিক্ষার্থী আল-আমিন ও ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্যামলী পরিবহনের রুট পারমিট বাতিল এবং ওসিকে প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। রুয়েট উপাচার্য ড. সিরাজুল করীম চৌধুরীর সভাপতিত্বে তার দপ্তরে অনুষ্ঠিত সভায় রাজশাহী মহানগর পুলিশ কমিশনার নওশের আলী, উপ-কমিশনার সরদার নুরুল আমীন, মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, জ্যেষ্ঠ শিক্ষক, জেলা সড়ক পরিবহন গ্র"পের সাধারণ সম্পাদকসহ সমিতির নেতারা উপস্থিত ছিলেন। ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘোড়ার গাড়ি ভাংচুর, আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ কর্মকর্তা ও পরিবহন নেতারা। বর্তমানে ক্যাম্পাসের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৩ ঘ.