দিনাজপুর, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর সরকারি কলেজে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ও অধ্যক্ষকে অপহরণের ঘটনায় জেলা শাখা ছাত্রলীগ সভাপতি ইমরান লতিফ সেতুসহ ২৫ জনকে আসামি করে কোতয়ালী থানায় মামলা হয়েছে।
এদিকে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুয়াযী বৃহস্পতিবার থেকে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকাল ১০টার আগেই পুলিশের উপস্থিতিতে কলেজ ছাত্রাবাস খালি করে দেওয়া হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে সেতুর নেতৃত্বে একদল ছাত্র অস্ত্রসহ ক্যাম্পাসে ছাত্রশিবিরবিরোধী মিছিল বের করে। এক পর্যায়ে তারা অধ্যক্ষের কক্ষে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় রাতেই অধ্যক্ষ আলাউদ্দীন মিঞা কোতয়ালি থানায় একটি মামলা করেন।
থানার ওসি হাসান শামীম ইকবাল সাংবাদিকদের জানান, অধ্যক্ষ অভিযোগ করেছেন সেতুসহ ২৫ জন অজ্ঞাত দুর্বৃত্ত কলেজে তার কক্ষে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এক পর্যায়ে সেতুসহ আরো তিনজন তাকে লাঞ্ছিত করে জোর পূর্বক একটি মোটরসাইকেলে তুলে সুইহারীর একটি বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে কোতয়ালী থানা পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে।
অধ্যক্ষ আলাউদ্দীন সাংবাদিকদের জানান, ঘটনার প্রতিবাদে ওইদিন তাৎক্ষণিকভাবে কলেজের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে মৌন মিছিল করেন। এরপর বিকালে একাডেমিক কাউন্সিলের সভায় ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাসহ ছাত্রবাস খালি করে দেওয়া এবং মামলা করার সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২১০৯ ঘ.
bdnews24