ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদলের কমিটি নিয়ে ঢাবি ক্যাম্পাসে সহিংসতার কয়েকদিনের মধ্যেই ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটি নিয়ে হাতে তৈরি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পদ না পাওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা 'মহড়া' দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বুধবার দুপুরে মধুর ক্যান্টিনে 'ককটেল' ফাটানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মধুর ক্যান্টিনে 'পদবঞ্চিত' বেশ কিছু নেতাকর্র্মীকে কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তারা ক্যাম্পাসে কয়েকদফা মহড়াও দেয়। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের ঘটনা ঘটে।
একদিন আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার পর থেকে 'পদবঞ্চিতদের' মধ্যে ক্ষোভ দেখা দেয়।
তাদের অভিযোগ, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের কর্মীদের নিয়ে একচেটিয়াভাবে এ কমিটি করা হয়েছে। তাছাড়া বিএনপি-জামায়াত জোটের আমলে রাজনীতিতে সক্রিয় কর্মীদের তুলনায় সভাপতি ও সাধারণ সম্পাদকের এলাকার লোকজনই বেশি পদ পেয়েছে।
"শিবিরের অনেককেই ঘোষিত কমিটিতে পুনর্বাসন করা হয়েছে। কিন্তু ত্যাগী ছাত্রলীগের অনেক নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে", বলেন ছাত্রলীগের একজন 'পদবঞ্চিত' নেতা।
এ ব্যাপারে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপু বলেন, "অতীত দিনের কর্মকাণ্ডের ভিত্তিতে কমিটিতে পদ দেওয়া হয়েছে। এখানে বিতর্কিত ও আঞ্চলিকতাকে কোনোভাবেই বিবেচনা করা হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২০৪৫ঘ.
bdnews24