ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কাউন্সিল অনুষ্ঠান আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ এনেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ।
সোমবার এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অংগীয় মারমা বলেন, "প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে কাউন্সিল করার জন্য অনুমতি নেওয়ার পরও আমাদের পরে বাধা দেওয়া হয়। নতুন করে প্রক্টর ও ভিসির সাথে দেখা করতে বলা হয়।"
সংগঠনের সাংগঠনিক সম্পাদক থুইকো চিং মারমা অভিযোগ করেন, ২২ জানুয়ারি জগন্নাথ হলে পোস্টার সাঁটার সময় তাদের ওপর জনসংহতি সমিতির অনুসারী ছাত্র পরিষদের কর্মীরা হামলা করে। তারা এর কোনো বিচার পাননি।
২৬ ও ২৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের অষ্টাদশ কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।
এদিকে রোববার রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ীদের ওপর বাঙালিদের 'হামলার' প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জনসংহতি সমিতির অনুসারী পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২২৪৮ঘ.
bdnews24