ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- ৫ সদস্যের এ তদন্ত কমিটির আহবায়ক হিসাবে রয়েছেন সিন্ডিকেট সদস্য অ্যাডভোকেট এ এফ এম মেজবাউদ্দিন। সদস্য সচিব সহকারী প্রক্টর ড. মো: আমজাদ আলী। অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. মো: আব্দুল আউয়াল খান, অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন এবং ড. কে এম সাইফুল ইসলাম খান।
২০০৯-১০ শিক্ষাবর্ষের বিএড সম্মান কোর্সের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ায় ইনস্টিটিউটের (আইইআর) শুক্রবার অনুষ্ঠেয় এ পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।
তদন্ত কমিটিকে অবিলম্বে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১ম দিন একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি করা হয়েছিল। আজ (শনিবার) কেন্দ্রীয়ভাবে আরেকটি তদন্ত কমিটি করা হলো। ১ম কমিটি আজ রাতে প্রতিবেদন জমা দেবে। ২য় কমিটি রোববার থেকে কাজ শুরু করবে।
আগামী ৫ ফেব্র"য়ারি ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ ঘটনা তদন্তে শুক্রবার ইনস্টিটিউটের পক্ষ থেকে অধ্যাপক দেলোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩৪৭ঘ.
bdnews24