ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন কমিটিতে জায়গা পাওয়া নিয়ে সোমবার বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের পদপ্রাপ্ত ও 'পদবঞ্চিত' নেতা-কর্মীদের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
এসময় সরকারি দলের সমর্থক সংগঠন ছাত্রলীগও সংঘাতে জড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ সম আরেফিন সিদ্দিক।
প্রক্টর অধ্যাপক সাইফুল ইসলাম খান, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু ও শাহবাগ থানার ওসি রেজাউল করিম এ ঘটনায় আহত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা টুকু আহত হওয়ার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে।
সংঘর্ষের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেওয়া বন্ধ হয়ে যায়।
সংঘর্ষের পর ছাত্রলীগের কয়েকজন কর্মী সশস্ত্র অবস্থায় ক্যাম্পাসে মিছিল করে। সংঘর্ষ থামাতে কাঁদানো গ্যাস নিক্ষেপ করে পুলিশ। তবে প্রকাশ্যে অস্ত্রসহ অনেককে দেখা গেলেও বরাবরের মতোই পুলিশ তাদের কাউকে আটক করেনি। সংঘর্ষের পর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে পুলিশ শুধু একটি ককটেল উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী বলেন, ভোর সাড়ে ৬টার দিকে ছাত্রদলের নতুন কমিটির কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে এলে কেন্দ্রীয় মসজিদের কাছে 'বিদ্রোহী' গ্র"পের কর্মীদের বাধার মুখে পড়েন। সেখানে বিক্ষিপ্ত সংঘর্ষে একজন বহিরাগত আহত হয়। পরে বিদ্রোহী গ্র"পের কর্মীরা প্রশাসনিক ভবন এবং জসিমউদ্দিন ও সূর্যসেন হলের আশপাশে অবস্থান নেয়।
সংঘর্ষের আগে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে আমরা ক্যাম্পাসে যাব বলে সেখানে কর্মীরা সমবেত হচ্ছে। এক্ষেত্রে কেউ বাধা দিলে ছাত্রদল সাধারণ ছাত্রদের নিয়ে তা মোকাবেলা করবে।''
অন্যদিকে বিদ্রোহী গ্র"পের নেতা ছাত্রদলের সাবেক সমাজকল্যাণ সম্পাদক আহসান উদ্দিন খান শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''নতুন কমিটি গঠনে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। ওই কমিটিকে আমরা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি। তারা এলে প্রতিরোধ করা হবে।''
নতুন কমিটির কেন্দ্রীয় নেতা-কর্মীরা মধুর ক্যান্টিন, কলাভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে অবস্থান নেন। এ গ্র"পের নেতৃত্ব দেন কেন্দ্রীয় সহ-সভাপতি শহীদুল ইসলাম বাবুল, হায়দার আলী লেনিন, বজলুল করিম চৌধুরী আবেদ, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জাভেদ হাসান স্বাধীন, সাইদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির।
বেলা ১০টার দিকে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান আলিম ক্যাম্পাসে ঢোকেন। এরপর ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নেওয়া তাদের সমর্থকরা মধুর ক্যান্টিনে জড়ো হয়। তারা একত্রে প্রশাসনিক ভবনের দিকে যেতে থাকেন। মল চত্বরে যাওয়ার পর আগে থেকে অবস্থান নেওয়া বিদ্রোহীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। তারাও পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে উভয় পক্ষ পরস্পরকে লক্ষ্য করে বেশ কিছু ককটেলও ছোড়ে। এসময় বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজও পাওয়া যায়।
ইট-পাটকেল নিক্ষেপের পর উভয়পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। রড, কিরিচ নিয়ে তারা পরস্পরের ওপর হামলা চালায়। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ আট রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
ধাওয়া পাল্টা ধাওয়ার সময় টুকু ও আলিম উপাচার্যের সঙ্গে সাক্ষাত করতে প্রশাসনিক ভবনের ভেতরে ছিলেন।
সাক্ষাত শেষে পৌনে ১১টায় তারা বের হয়ে এলে বিদ্রোহীরা তাদের ধাওয়া করে। এসময় সভাপতি টুকু কলাভবনের ভেতরে ঢুকে পড়েন। পৌনে ১২টার দিকে কলাভবনের পেছনের ফটক দিয়ে তিনি বের হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তার ওপর হামলা চালায়। এসময় পুলিশ গিয়ে তাকে ঘিরে রক্ষার চেষ্টা চালালে ছাত্রলীগ কর্মীরা পুলিশের বর্ম ভেদ করেই তাকে মারতে থাকে।
সংঘর্ষে ছাত্রলীগ
সংঘর্ষ চলার সময় সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি সাঈদ মজুমদার ও সাধারণ সম্পাদক জিয়াউল হক তুহিনের সমর্থকরা বিদ্রোহীদের সমর্থন ও সাহায্য করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে সাঈদ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে জড়াইনি। কিন্তু পুলিশ কোন্দলের সময় হলের দিকে টিয়ারগ্যাস নিক্ষেপ করায় আমরা ছাত্রদলকে প্রতিহত করেছি।"
খালেদা জিয়া একজন জঙ্গিকে ছাত্রদলের সভাপতি বানিয়ে ক্যাম্পাসে জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন এ মন্তব্য করে তিনি বলেন, "সাধারণ ছাত্র ও ছাত্রলীগ তা কখনোই মেনে নেবে না এবং প্রতিহত করবে।"
এরপর সূর্যসেন হল থেকে একটি সশস্ত্র মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলকারীরা প্রকাশ্যে চাপাতি, রড, কিরিচ উচিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
সাঈদের দাবি, সংঘর্ষে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও তথ্য ও গবেষণা সম্পাদক শওকত আহত হয়েছেন।
এদিকে নিজে আহত হওয়ার আগে সকাল ১০টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন শাহবাগ থানার ওসি রেজাউল করিম। তিনি তখন বলেন, ''পর্যাপ্ত পুলিশ ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে।''
ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি শেখ সোহেল রানা টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৮ দিন ধরে ঘটে চলা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের ধারাবাহিকতায় এটা ঘটেছে। এর সাথে ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই।
আহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসনপাতাল, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও ঢাবি যুগ্ম আহবায়ক মহিদুল ইসলাম হীরু ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-আহবায়ক মাসুদ খান পারভেজকে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম কপালে ও কনস্টেবল ফিরোজ বুকে আঘাত নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।
ছাত্রদল সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম দাবি করেছেন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জাভেদ হাসান স্বাধীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-আহবায়ক এস এম ওবায়দুল হক নাসির, মহিদুল ইসলাম হীরু, আবুল হাসান প্রমুখ আহত হয়েছেন।
হাসপাতালে শাহবাগ থানার ওসি রেজাউল করিম বলেন, "রোববার রাত থেকে ছাত্রদলের বিদ্রোহীরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছে জানার পরই আমরা ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। এক পর্যায়ে সকাল ১০টার দিকে ছাত্রদলের দু' গ্র"প দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। ছাত্রলীগও সেখানে সংঘর্ষে জড়ায়। এসময় আমরা ছাত্রদলের সভাপতি টুকুকে বাঁচানোর চেষ্টা করছিলাম। টুকু আহত হন। সে সময় আমিও ইটের আঘাতে আহত হই।"
তিনি বলেন, "আজ (সোমবার) যে অস্ত্র দেখা গেছে পরবর্তী সময় এগুলো উদ্ধারে বিশেষ অভিযান চালানো হবে।"
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রদলের সভাপতি, শাহবাগ থানার ওসি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে আহতের সঠিক হিসাব আমরা এখনও পাইনি। সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগ ও ছাত্রদলের বিদ্রোহীরা মিলে টুকুর ওপর হামলা চালালে এ পরিস্থিতির সৃষ্টি হয়।"
তিনি জানান, অনেকগুলো ক্লাস হয়নি। তবে পরীক্ষা হচ্ছে।
পরিকল্পিত ঘটনা: উপাচার্য
সংঘর্ষের ব্যাপারে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "সাত সকালে ঘটা এ ঘটনার হোতারা অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত সকালে ঘুম থেকে ওঠে না। ঘটনার সাথে জড়িতরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। বহিরাগত হলে পুলিশ ব্যবস্থা নেবে।"
উপাচার্য বলেন, "ঘটনা দেখে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।"
প্রভোস্ট কমিটির জরুরি সভা
এদিকে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রভোস্ট কমিটির জরুরি সভা আহ্বান করে। উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় সভার পর কবি জসীম উদ্দীন হলের প্রভোস্ট অধ্যাপক আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ক্যাম্পাসে অনাকাঙ্খিত সংঘর্ষের ঘটনায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে একটি মহল এই ঘটনা ঘটিয়েছে বলে তারা মনে করেন।
হল প্রভোস্টদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে সভায় আহ্বান জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখারও পরামর্শ দেয় প্রভোস্ট কমিটি।
গত ১ জানুয়ারি সুলতান সালাউদ্দিন টুকু সভাপতি ও আমিরুল ইসলাম খান আলিমকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ১৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের একটি গ্র"প ওই কমিটিতে 'দুর্নীতিবাজ ও অছাত্রদের' স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ করে এর বিরুদ্ধে দাঁড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/জিএমএ/এসকে/২৩৩০ঘ.
bdnews24