রংপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘর্ষের ঘটনায় রংপুর সরকারি কলেজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাধ্যক্ষ মোজাম্মেল হক।
তিনি সাংবাদিকদের বলেন, শনিবার সন্ধ্যায় একাডেমিক কাউন্সিলের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে কলেজ খুলে দেওয়া হবে।
শনিবার ব্যানার টানানো নিয়ে আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগ ও জাসদ (ইনু) সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হন। এ সময় ক্যাম্পাসে দুটি বোমা বিস্ফোরিত হয়।
এ ঘটনায় পুলিশ জাসদ ছাত্রলীগের তিন নেতাকে আটক করে।
রাতে বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় এই তিনজনসহ ৫০ জনকে আসামি করা হয়।
এরা হলেন- জাসদ ছাত্রলীগের রংপুর কলেজ শাখার সভাপতি রাকিবুল ইসলাম শ্যামল, শহর শাখার সভাপতি রাহেল ও কেন্দ্রীয় কমিটির সদস্য তানভীর।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান জানান, গ্রেপ্তারকৃতদের আজ (রোববার) দুপুরে রংপুরের জেষ্ঠ্য বিচার বিভাগীয় হাকিম নিত্যানন্দ সরকারের আদালতে হাজির করা হয়।
তিনি জানান, আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
পরে কড়া পুলিশ পাহারায় তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে এসআই মোস্তাফিজার রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৮২০ ঘ.
bdnews24