২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি'র চার অনুষদে ডিন নির্বাচন বৃহস্পতিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদে ডিন পদে নির্বাচন আগামী ২১ জানুয়ারি। ইতোমধ্যে চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 05:03 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদে ডিন পদে নির্বাচন আগামী ২১ জানুয়ারি। ইতোমধ্যে চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিটার্নিং অফিসার আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "আজ (শনিবার) চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের মধ্যে চারটি অনুষদে নির্বাচন হবে।" নতুন বিজনেস স্টাডিজ অনুষদের নির্বাচন পরে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। প্রায় পাঁচ বছর পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থক শিক্ষকরা আলাদা দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সমাজবিজ্ঞান অনুষদে দুই জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন। আওয়ামী লীগ সমর্থক 'মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি' প্যানেলের প্রার্থীরা হলেন, কলা ও মানবিক অনুষদে অধ্যাপক অসিত বরণ পাল, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে অধ্যাপক মো. নূরুল আলম, সমাজ বিজ্ঞান অনুষদে অধ্যাপক মো. সাজেদ আশরাফ করীম এবং জীববিজ্ঞান অনুষদে অধ্যাপক মো. আব্দুল জব্বার হাওলাদার। বিএনপি সমর্থক 'বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব, বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ও উদারপন্থী' প্যানেলের প্রার্থীরা হলেন- কলা ও মানবিক অনুষদে অধ্যাপক মো. মোজাম্মেল হক, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে অধ্যাপক মাহবুব কবির, সমাজ বিজ্ঞান অনুষদে অধ্যাপক মো. শামছুল আলম সেলিম এবং জীববিজ্ঞান অনুষদে অধ্যাপক মো. সোহেল রানা। অন্যদিকে, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস কুমার চৌধুরী সমাজবিজ্ঞান অনুষদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ২০০৫ সালে ডিন পদে দুই বছর মেয়াদের জন্য সর্বশেষ নির্বাচন হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক অফিসার ক্লাবে সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২২৫৫ ঘ.