ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নির্যাতনের অভিযোগের জবাবে উল্টো ওই ছাত্রীর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক গিয়াসউদ্দিন মোল্লা নামে ওই শিক্ষক দাবি করেছেন, তাকে রাষ্ট্র বিজ্ঞান সমিতির সভাপতি পদ থেকে সরানোর জন্য যৌন নিপীড়নের এ ঘটনা সাজানো হয়েছে।
গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষকের বিরুদ্ধে তার বিভাগের এক ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে তাকে বিভাগের সব কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।
ঘটনাকে সাজানো আখ্যা দিয়ে অভিযোগকারী ছাত্রীসহ বিভাগীয় কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে উপাচার্যকে পাল্টা চিঠি দিয়েছেন সেই শিক্ষক।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক নীল দলপন্থী অধ্যাপক গিয়াস উদ্দিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা রাষ্ট্রবিজ্ঞান সমিতিকে কার্যকর করার উদ্যোগ নিলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বিভিন্নভাবে এ সমিতির সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেন।"
তার দাবি, "সর্বশেষ গত ১৯ ডিসেম্বর বিভাগীয় এক শিক্ষকের মাধ্যমে আমাকে রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি পদ থেকে পদত্যাগ ও এক বছরের স্বেচ্ছা-ছুুটিতে যাওয়ার প্রস্তাব দেন। এ প্রস্তাবে সম্মত না হলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যায় পড়তে হবে বলেও হুমকি দেওয়া হয়।"
বিষয়টি তাৎক্ষণিকভাবে উপাচার্যকে অবহিত করেছিলেন বলেও জানান অধ্যাপক মোল্লা।
তিনি অভিযোগ করেন, "তাদের কথায় সম্মত না হওয়ায় প্রতিশোধ হিসাবে আমার বিরুদ্ধে এ সম্মানহানিকর ঘটনাটি সাজানো হয়।"
এ ঘটনা সাজানোর ক্ষেত্রে সরকার দল সমর্থক উপ-উপাচার্য হারুন-অর-রশীদের সঙ্গে বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ সোহরাব হোসেন, ড. সাব্বীর আহমেদ ও প্রভাষক মামুন আল মোস্তফা জড়িত বলেও দাবি করেন গিয়াস উদ্দিন মোল্লা।
এ ব্যাপারে মুহাম্মদ সোহরাব হোসেন বলেন, "একজন ছাত্রীর অভিযোগের ভিত্তিতে আমাদের বিভাগীয় একডেমিক কমিটির বৈঠকে অধ্যাপক গিয়াস উদ্দিন মোল্লাকে বিভাগীয় সব কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয় এবং একটি কমিটি গঠন করে বিষয়টি তদন্তের সুপারিশ করা হয়েছে। তদন্তের মাধ্যমেই চলমান এ বিতর্কের অবসান হবে।"
হারুন-অর-রশীদ বলেন, "রাষ্ট্রবিজ্ঞান সমিতির সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। ভবিষ্যতেও থাকবে না। তাই এর সঙ্গে জড়িয়ে আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সঠিক নয়। এমনকি যৌক্তিকও নয়।"
অভিযোগকারী ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি নিপীড়নের শিকার হয়েছি, এ অভিযোগ পুরোপুরি সত্যি। ভবিষ্যতে শিক্ষকরূপী কিছু অমানুষদের হাত থেকে ছাত্রীদের বাঁচাতে আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।"
উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় আমাদেরকে ভেবে চিন্তে অগ্রসর হতে হচ্ছে। উভয়ের অভিযোগ পেয়েছি। অভিযোগপত্র দুটি খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/২২২৫ ঘ.
bdnews24