২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কলেজ-টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদের সংঘর্ষ

ছাত্রী লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে বুধবার সংঘর্ষ হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 10:38 AM

Updated : 24 Aug 2022, 06:09 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রী লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে বুধবার সংঘর্ষ হয়েছে। দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের (টিচার্স ট্রেনিং কলেজ) ক্যাম্পাসের ভেতরে ওই সংঘর্ষের সময় ঢাকা কলেজের ছাত্ররা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের ছাত্রাবাস ও কলেজ শিক্ষকদের তিনটি গাড়ি ভাংচুর করে। নিউ মার্কেট থানার ওসি কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টিচার্স ট্রেনিং কলেজের ছাত্ররা অভিযোগ করেছে, তাদের এক ছাত্রীকে ঢাকা কলেজের ছাত্ররা লাঞ্ছিত করেছে।" এ নিয়ে দুই দল ছাত্রের কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বেঁধে যায় বলে তিনি জানান। ঢাকা কলেজের ছাত্রদের 'হামলার' প্রতিবাদে শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা মিরপুর সড়কে বের হয়ে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষের সময় মিরপুর সড়ক দিয়ে কিছু সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ থাকে। শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের ছাত্র আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরপুর রোডের এক রেস্তোরাঁয় তাদের এক ছাত্রীকে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র কটুক্তি এবং লাঞ্ছিত করে। সেখানে থাকা কয়েকজন ছাত্র এর প্রতিবাদ করলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। আমিরুল ইসলাম অভিযোগ করেন, ঢাকা কলেজের ছাত্ররা ক্যাম্পাসে ফিরে গিয়ে কিছুক্ষণ পর ঐক্যবদ্ধ হয়ে শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে 'সন্ত্রাসী তাণ্ডব' চালায়। তারা শিক্ষকদের ৩টি গাড়ি, অফিস এবং ছাত্রীনিবাসের দরজা জানালার কাঁচ ভাংচুর করে। ছাত্ররা ছাত্রাবাসের ২২টি কক্ষ তছনছ করে। প্রায় দেড় ঘন্টা ধরে এসব চলার সময় ডাকা হলেও পুলিশ আসেনি বলে অভিযোগ করা হয়। ঢাকা কলেজের ছাত্রদের হাতে রাম দা ও আগ্নেয়াস্ত্র ছিল বলে শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের আরেক ছাত্র আবু ওবায়েদ রানা দাবি করেছেন। শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার ঘটনায় শিক্ষকসহ প্রায় ৩৫জন আহত হন। ভাংচুর এবং লুটপাটের ঘটনায় তারা থানায় একটি মামলা করবেন। ঢাকা কলেজের অধ্যক্ষ ড. সিরাজউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " পরীক্ষা শেষ হলে শিক্ষার্থীরা এক সঙ্গে বের হওয়ার পর কলেজের উত্তর দিকের সড়কে কিছুটা হৈচৈ শোনা যায়। পরে কলেজের কয়েকজন শিক্ষক গিয়ে তাদের ফিরিয়ে আনেন।" তবে ওই 'হৈচৈ' কি কারণে হয়েছিল তা জানেন না বলে জানান অধ্যক্ষ। তিনি বলেন, " হামলা বা ভাংচুরের ঘটনায় কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" ঢাকা কলেজের ছাত্র ছাত্রলীগের কলেজ শাখার সহ সভাপতি কপিল হালদার সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা কলেজের ছাত্ররা এসব ঘটনার সঙ্গে জড়িত নয়। তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমআই/এসকে/এসকে/২০০৩ ঘ.