ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৯ বছর ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৬০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হচ্ছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়ে অ্যাসোসিয়েশনের মহাসচিব রকীবউদ্দিন আহমেদ বলেন, "এটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্মিলনী। এতে অংশগ্রহণকারীর সংখ্যা আট হাজার ছাড়িয়ে যাবে।"
পুনর্মিলনীতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও সৌদি আরব থেকে অ্যাসোসিয়েশনের ২০ সদস্য অংশ নেবেন বলেও তিনি জানান।
অনুষ্ঠান সকাল ৮টায় শুরু হয়ে সারাদিন চলবে।
ঐতিহ্য অনুযায়ী এবারের অনুষ্ঠানেও অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে প্রবীণ অ্যালামনাই প্রধান অতিথির আসনে বসবেন।
সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আ ফ শাহেদ আলী, ড. প্রভাত চন্দ্র বিশ্বাস, মনসুর আহমেদ চৌধুরী ও সানাউল্লাহ কায়ানী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসকে/২২৪৭ঘ.
bdnews24