ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী পলিটেকনিকে বাংলাদেশ ছাত্র মৈত্রীর নেতা রেজানুর চৌধুরী সানি হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।
কর্মসূচি থেকে সানির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়। সানির স্মরণে রোববার থেকে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে ছাত্রমৈত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশে ছাত্রমৈত্রীর সভাপতি রফিকুল ইসলাম সুজন অভিযোগ করেন, সানিকে হত্যা ঘটনার মূল হোতাদের বিরুদ্ধে সরকার কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। বরং নানাভাবে খুনিদের রক্ষার চেষ্টা চালানো হচ্ছে।
তিনি বলেন, "সানিকে হত্যা করার পর যুবলীগের সন্ত্রাসীরা তার লাশ ছিনিয়ে নিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামলা চালিয়েছিলো। এমনকি তার বাবাকে দিয়ে ছাত্রমৈত্রীর নেতাদের বিরুদ্ধেই মামলা করার জন্য চাপ সৃষ্টি করেছিলো।"
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল, ছাত্র সমিতির আহ্বায়ক টিএইচএম টুটুল ও বাংলাদেশ ছাত্র আন্দোলনের সহ সভাপতি তারা শংকর তালুকদার।
ছাত্রমৈত্রীর সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সানি হত্যার প্রতিবাদে বিকাল পর্যন্ত সারা দেশের প্রায় ৪০টি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
গত বৃহস্পতিবার রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় সানি নিহত হয়। ছাত্রমৈত্রী ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সহযোগী সংগঠন।
শনিবার ছাত্রমৈত্রীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবারের হামলায় আহত মহাখালীর মেট্রোপলিটান মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন শরাফত আলী খান বুলবুলের অবস্থা আশঙ্কাজনক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অপর আহত কাজী আব্দুল মোতালেব জুয়েলও বিপদমুক্ত নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫২ ঘ.
bdnews24