২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির মধ্যে জাবিতে চলছে গাছ কাটা

ঈদ ও পূজার ছুটির মধ্যে পাখির অভয়ারণ্য হিসেবে খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে গাছ কাটা। দরপত্র আহ্বান ছাড়াই ইতোমধ্যে কয়েকটি গাছ বিক্রি করা হয়েছে। পুরনো ও বড় এসব গাছ কাটার কারণে পাখির আবাসস্থল ক্ষতিগ্রস্ত হবে মনে করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। জানাচ্ছেন আমিনুর রহমান রাসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 12:27 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

আমিনূর রহমান রাসেল প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঈদ ও পূজার ছুটির মধ্যে পাখির অভয়ারণ্য হিসেবে খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে গাছ কাটা। দরপত্র আহ্বান ছাড়াই ইতোমধ্যে কয়েকটি গাছ বিক্রি করা হয়েছে সাভারের এক যুবলীগ নেতার কাছে। মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, জীব বিজ্ঞান অনুষদ ভবনের সামনের জলাশয় পাড়ের প্রায় ত্রিশ বছরের পুরানো তিনটি সেগুন গাছ কাটা হচ্ছে। এর আগে উপাচার্য ভবনের সামনের দুটি মেহগনি কেটে ফেলা হয়েছে। কাল বিশমাইল এলাকায় সবচেয়ে বড় ও পুরানো মেহগনি গাছটি কাটা হবে বলে গাছ কাটার সঙ্গে সংশ্লিষ্ট লোকজন জানিয়েছেন। ঈদ ও পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ১২ সেপ্টেম্বর থেকে ছুটি হয়ে যায়। ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে। বুধবার প্রশাসনিক কার্যালয় খুলবে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও অভ্যন্তরীণ সম্পদ কমিটির সভাপতি অধ্যাপক মো. নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাছ গুলো পোকায় খেয়ে ফেলছে। এজন্য কাঠের মূল্য কমে যাচ্ছে। যদি গাছগুলো দুই বছর আগে বিক্রি করা হতো তবে আরো বেশি দাম পাওয়া যেত।" তিনি জানান, গাছ কাটার জন্য কোন কমিটি গঠন করা হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে আরো কিছু গাছ কাটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তিনটি সেগুন ও তিনটি মেহগনি গাছ বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে গাছগুলো প্রায় দুই লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে অধ্যাপক নাসির জানান। এ ব্যাপারে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাছ বিক্রি করে বিশ্ববিদ্যালয়ের আয় বৃদ্ধি একটি ভ্রান্ত ধারণা। নিশ্চয় এর পিছনে কোনো একটি ইন্টারেস্ট গ্র"প কাজ করছে। তা না হলে বিশ্ববিদ্যালয় বন্ধের সময় কেন এভাবে গাছ কাটা হবে।" তিনি মনে করেন, অনিয়মতান্ত্রিকভাবে গাছগুলো কাটা হচ্ছে। শতকরা ৮০ ভাগ পাখির আবাসস্থল হলো গাছ। এ ক্যাম্পাসে পাখির অবাধ বিচরণ, সেখানে অবাধে গাছ কাটার সিদ্ধান্ত কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। গত বছরের সেপ্টেম্বরে ক্যাম্পাসের বিভিন্ন প্রজাতির চার শতাধিক বড় বড় গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তখন গাছগুলোতে লাল ক্রস চিহ্ন দেওয়া হয়। শিক্ষক-শিক্ষার্থীদের গাছ কাটার সিদ্ধান্তের বিরোধিতা করে মানববন্ধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। সে সময় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. মুনিরুজ্জামান গাছ কাটার সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করেন এবং গাছ বিক্রির প্রক্রিয়া স্থগিত করেন। এখন সেই লাল ক্রস চিহ্ন দেওয়া গাছগুলোই কাটা হচ্ছে। এসব গাছ বিক্রি করা হয়েছে সাভারের পাথালিয়া ইউনিয়নের যুবলীগ সভাপতি মোখলেছুর রহমানের কাছে। গাছ কেনার ব্যাপারে জানতে চাইলে যুবলীগ নেতা মোখলেছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপনি বিক্রি করলেও কিনব।" এর বেশি কিছু বলতে চাননি তিনি। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ও অভ্যন্তরীণ সম্পদ কমিটির সদস্য সচিব আবু হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাছ বিক্রির জন্য কোনো দরপত্র আহ্বান করা হয়নি।" এছাড়া ১০/১২ দিন ধরে ক্যাম্পাসে দ্বিতল বাস চলাচলের জন্য নির্বিচারে বিভিন্ন প্রজাতির ৮/১০টি গাছ এবং প্রায় ৩শ গাছের ডাল-পালাসহ অধিকাংশ অংশ কেটে ফেলা হয়েছে। যেসব স্থানে গাছের ডালপালা কাটার প্রয়োজন নেই সেসব স্থানেও কেটে ফেলা হয়েছে। অনেক গাছের কাণ্ড বাদে প্রায় সব অংশ কাটা হয়েছে। বাস চলাচলের জন্য প্রান্তিক গেট থেকে চৌরঙ্গী, বিশমাইল থেকে চৌরঙ্গী এবং বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে প্রান্তিক গেট পর্যন্ত সব মিলিয়ে প্রায় সাত কিলোমিটার এলাকা জুড়ে নির্বিচারে গাছের ডাল-পালা কাটা হয়েছে। ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, সেগুন, মেহগনি, শিল কড়ই, আকাশমনি, মহুয়া, কাঁঠাল, কদম, কৃষ্ণচূড়া, আম, জাম ও বটসহ বিভিন্ন প্রজাতির গাছের অংশ কাটা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রশাসন ঈদ ও পূজার ছুটির মধ্যে গাছগুলো কেটে ফেলায় তারা হতাশ ও ক্ষুব্ধ। ক্যাম্পাসে নির্বিচারে গাছ কাটার সিদ্ধান্ত বাতিল না হলে কর্মসূচি দেওয়া হবে বলে তারা জানান। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কাঠ ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাজার দরের চেয়ে কম দামে ওই ছয়টি গাছ বিক্রি করেছে। বাস চলাচলের জন্য কাটা ডালপালা লাকড়ি হিসেবে ৫০ টাকা মণ দরে প্রায় ১৭ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন গাছের ডালপালা কাটা সংক্রান্ত কমিটির সভাপতি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শ্যামল কুমার রায়। তবে গত এপ্রিল মাসে বাস চলাচলের জন্য একইভাবে কাটা গাছের ডালপালা ১০০ টাকা মণ দরে বিক্রি করা হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে, ডালপালা কাটার সময় যেসব বড় বড় গাছ কাটা হয়েছে সেগুলোও লাকড়ি হিসেবে বিক্রি করা হয়েছে। আর স্থানীয় বাজারে ওই লাকড়ির দাম প্রায় ২৫০ টাকা মণ। সে হিসাবে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭২ হাজার টাকার লোকসান হয়েছে। গাছের ডালপালা কাটা সংক্রান্ত কমিটির সভাপতি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শ্যামল কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিবহন অফিসের অনুরোধে ডাল-পালা কাটা হয়েছে।" গাছের ডালপালা কাটার সময় কয়েকটি গাছ কেটে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমি কিছু জানি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৪ ঘ.