রাজশাহী, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর।
বুধবার রাজশাহী বিভাগীয় নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন।
হালনাগাদ কার্যক্রমে ভোটার তালিকা বা জাতীয় পরিচয়পত্রের কোন অংশ যেমন নাম, পিতার নাম, জন্ম তারিখ ইত্যাদির সংশোধন আপাতত করা যাবে না।
এ কার্যক্রমের অধীনে কেবলমাত্র বাদপড়া ভোটারদের অর্ন্তভুক্তি, মৃত ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং ভোটার স্থানান্তরের কাজ হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৫৭ ঘ.
bdnews24