২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি'র ব্যবস্থাপনা বিভাগের ভর্তি পরীক্ষার পুরনো আবেদনপত্রসহ দু'জন আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার দুই হাজার আবেদনপত্রসহ দু'জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 03:28 PM

Updated : 07 Jul 2022, 06:40 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার দুই হাজার আবেদনপত্রসহ দু'জনকে আটক করেছে পুলিশ।

রাজশাহী নগরীর কাটাখালী পুলিশ ফাঁড়ি এলাকায় ঢাকাগামী একটি বাস থেকে সোমবার রাতে পুলিশ তাদের আটক করে।

উদ্ধার করা আবেদনপত্রগুলো ২০০৮-'০৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বলে কর্তৃপক্ষ জানায়।

অন্য নামে মোবাইল ফোনের সিমকার্ড তোলা, ডিভি লটারি কিংবা ভর্তির ক্ষেত্রে জালিয়াতির কাজে এসব আবেদনপত্র ও ছবি ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে পুলিশ জানিয়েছে।

আটক দু'জন হলেন- গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মিজানুর রহমান এবং তার সহযোগী গার্মেন্টস কর্মী রফিকুল ইসলাম। এরা দু'জনই গাজীপুরের বোর্ড বাজার এলাকায় থাকেন।

মতিহার থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে রাত ১১টার দিকে রাবি'র পাশের কাটাখালি পুলিশ ফাঁড়ির কাছে ঢাকাগামী একটি বাস থেকে আবেদনপত্রসহ দু'জনকে আটক করা হয়।

মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাবি'র ব্যবস্থাপনা বিভাগের সভাপতি জাহাঙ্গীর কবির বলেন, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তিন বছর পর্যন্ত অকৃতকার্য প্রার্থীদের আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগে সংরক্ষণ করা হয়ে থাকে। এসব আবেদনপত্র কিভাবে বাইরে গেল তা তদন্তে ব্যবস্থাপনা বিভাগে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিভাগের জরুরি সভায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হলেন- বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ আলী রেজা। সদস্যরা হলেন- অধ্যাপক সাইফুল ইসলাম ও জাফর সাদিক।

এ ঘটনায় বিভাগের পক্ষ থেকে মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও তিনি জানান।

সহকারী প্রক্টর অধ্যাপক মুসতাক আহমেদ বলেন, বিষয়টি অনুসন্ধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে অনুরোধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৭ ঘ.