২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে ভর্তি : অন-লাইনে আবেদন, মোবাইল ফোনে ফি দেওয়া যাবে

চলতি ২০০৯-১০ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির আবেদনপত্র (ফরম) সংগ্রহ ও জমা অন-লাইনে করা যাবে। ভর্তি পরীক্ষার ফি মোবাইল ফোনের মাধ্যমে অথবা অনলাইন ব্যাংকিং পদ্ধতিতে নিতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 01:24 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি ২০০৯-১০ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির আবেদনপত্র (ফরম) সংগ্রহ ও জমা অন-লাইনে করা যাবে। ভর্তি পরীক্ষার ফি মোবাইল ফোনের মাধ্যমে অথবা অনলাইন ব্যাংকিং পদ্ধতিতে নিতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে। ভর্তির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে জানিয়ে এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ভর্তি ফরম বিতরণ, জমা দেওয়া, ভর্তি ফি সংগ্রহ, ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও পরীক্ষার ফলাফল প্রকাশের কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন-লাইন পদ্ধতি ও মোবাইল ফোন সার্ভিস ব্যবহার করার বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নানা দুর্ভোগ লাঘব, যাতায়াত কষ্ট ও আর্থিক সাশ্রয়ের লক্ষ্যে এ নির্দেশ দেওয়া হয় বলে উল্লেখ করে এতে জানানো হয়, এবার দেশের ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে এ উদ্যোগ নেওয়া হলো। তথ্য বিবরণীতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়সমূহ ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ, ভর্তি পরীক্ষার ফরম ওয়েবসাইটে প্রকাশ ও অনলাইনে ফরম জমা দেওয়ার উদ্যোগ নেবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসমূহ যথাশিগগিরই এ বিষয়ে নেওয়া কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়কে জানাবে বলেও এতে উল্লেখ করা হয়। এসব উদ্যোগ বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ জানিয়ে এতে বলা হয়, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তথ্য প্রযুক্তি ব্যবহার ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়া দেশের সবক'টি সরকারি কলেজ ও মাধ্যমিক স্কুলে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯৪০ ঘ.